দেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় সরকারের ‘জ়িরো টলারেন্স’ নীতিকে ঘিরে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর বা ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ সরকার একাধিকবার স্পষ্ট করেছে যে, তাদের ভূখণ্ডে একতরফাভাবে কাউকে পাঠানোর চেষ্টা হলে তার বিরোধিতা করা হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ‘পুশ-ইন’ বিরোধিতা নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।
শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রদর্শনী ও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং প্রশাসনিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। তবে অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের পুশ-ইন বিরোধিতা নিয়ে প্রশ্ন উঠতেই ভিন্ন সুর শোনা যায় তাঁর বক্তব্যে। এক সংবাদমাধ্যমের প্রতিনিধি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর বক্তব্য, বিষয়টি আন্তর্জাতিক কূটনীতি এবং পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত। ফলে এ বিষয়ে মতামত দেওয়ার দায়িত্ব তাঁর নয়।
শুভেন্দু(Suvendu Adhikari) অধিকারী বলেন, “আমি এটার উত্তর দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোন বিষয় তাঁরা আনবেন, সেটা আমি এখান থেকে শুনছি। যদি সেরকম কিছু আনে, তার জন্য ভারতের পররাষ্ট্র দফতর রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে। বাংলাদেশ সীমান্ত তো শুধু পশ্চিমবঙ্গে নয়, পাঁচটি রাজ্যের সঙ্গে যুক্ত। প্রয়োজন অনুযায়ী এই বিষয়ে আমাদের বিদেশমন্ত্রক বলবে। আমার এখানে কিছু বলার প্রয়োজন নেই। এটা আমার বিষয়ও নয়।”



















