কলকাতা: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ (PM Modi Rally) অনুষ্ঠিত হতে চলেছে৷ এটি বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-এর শেষ পর্ব হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে৷ সমাবেশের প্রথম ধাপ হবে প্রশাসনিক সভা, যেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন৷ এরপর জনসভায় সাধারণ মানুষকে সম্বোধন করবেন৷
ব্রিগেডে এক লক্ষ মানুষের জন্য বিশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনটি আলাদা সেগমেন্টে রান্না হচ্ছে। মেনুতে রয়েছে ভাত, সবজি ও ডাল। কর্মীরা প্রথমে খাওয়া-দাওয়া করে সভায় অংশ নেবেন। ফেরার পথে আবারও খাওয়ার সুবিধা থাকবে। নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
মঞ্চে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। বিষ্ণপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প, বাউল গান, কীর্তন এবং দক্ষিণেশ্বর মন্দিরসহ বাংলার ঐতিহ্যবাহী উপাদান মঞ্চে প্রদর্শিত হচ্ছে। দার্জিলিঙের চা বাগান থেকে বাঁকুড়ার টেরাকোটা শিল্প পর্যন্ত সবকিছু মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের নজর কাড়ে।
শনিবার দুপুর ১ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন এবং ১ টা ৪৫ মিনিটে হেলিপ্যাডে নামবেন। এরপর সরাসরি ব্রিগেডের প্রশাসনিক সভার মঞ্চে উপস্থিত হবেন। জনসভা শুরু হবে দুপুর ২ টা ৪০ মিনিটে। শহরের নিরাপত্তা, যান চলাচল, খাওয়া-দাওয়া এবং মঞ্চের সাজসজ্জা সবকিছুই প্রশাসনের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রস্তুত।




















