নয়াদিল্লি: দেশে ইন্টারনেট ডেটা সস্তা হওয়ার সুযোগ নিয়ে পড়ুয়ারা যেন অযথা সময় নষ্ট না করেন, সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর নবম সংস্করণে যোগ দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের অন্যান্য দক্ষতা বা স্কিল উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
শিক্ষাকে ‘বোঝা’ মনে করবেন না
দিল্লির লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা কখনো বোঝা হওয়া উচিত নয়। পড়াশোনায় সম্পূর্ণভাবে নিমগ্ন থাকতে হবে, কারণ অর্ধেক মন নিয়ে করা শিক্ষা জীবনে সফল হতে সাহায্য করে না। ছাত্রদের লক্ষ্য এমন হওয়া উচিত যা নাগালের মধ্যে, কিন্তু সহজে অর্জনযোগ্য নয়।
গেমিং নিয়ে বিশেষ বার্তা PM Modi advises students
ইন্টারনেট এবং অনলাইন গেমিং নিয়ে পড়ুয়াদের কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ডেটা সস্তা বলে শুধুমাত্র সময় কাটানোর জন্য গেমিংয়ে মেতে থাকবেন না। মজার ছলে গেমিং করবেন না। যারা টাকার জন্য গেমিংয়ে লিপ্ত হন, তারা স্রেফ ধ্বংস হয়ে যাবেন।” একইসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বলিংকে উৎসাহিত করা চলবে না এবং এর বিরুদ্ধে আইনও তৈরি করা হয়েছে।
দক্ষতা হিসেবে গেমিং
তবে গেমিংয়ের ইতিবাচক দিকটিও তুলে ধরেন মোদী। তিনি বলেন, গেমিং একটি দক্ষতা হতে পারে কারণ এতে অনেক গতি থাকে এবং এটি সতর্কতা পরীক্ষার পাশাপাশি আত্ম-উন্নয়নের জন্যও ব্যবহার করা যেতে পারে। ছাত্রদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “গেমিংয়ে সময় নষ্ট না করে গেম তৈরি (Produce) করুন। ভোক্তাদের বদলে গেম নির্মাতাদের তালিকায় নাম তুলুন।”
‘পরীক্ষা পে চর্চা’ রেকর্ড
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হওয়া ‘পরীক্ষা পে চর্চা’ বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম শিক্ষামূলক কার্যক্রমে পরিণত হয়েছে। ২০২৩ সালে এর রেজিস্ট্রেশন সংখ্যা ছিল ৩৮.৮ লাখ, যা ২০২৪ সালে বেড়ে হয় ২.২৬ কোটি এবং ২০২৫ সালে তা ৩.৫৩ কোটিতে পৌঁছায়। এবারের নবম সংস্করণে সমস্ত রেকর্ড ভেঙে রেজিস্ট্রেশনের সংখ্যা ৪.৫ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।




















