ভুবনেশ্বর: এ যেন কসবার মনোজিৎ-মডেল! দল বেঁধে ধর্ষণ। সেই নির্যাতনের ছবি রেকর্ড করা হল মোবাইলের ক্যামেরায়। তারপর আবার তা ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। এই বেপরোয়া মনোভাবের জেরেই জালে গণধর্ষণে জড়িত ছয় জন।
গণধর্ষণের মতো মর্মান্তিক ঘটনা ওড়িশার (Odisha) বলাঙ্গীর। এখানকার এক ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা নির্যাতনের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর ঘটনাটি ঘটে তুরেকেলা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, কোচিং ক্লাস থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে অভিযুক্তরা ধর্ষণ করে। বিষয়টি চেপে যাওয়ার জন্য হুমকিও দেয় ধৃতরা। গণধর্ষণের ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তরা প্রকাশ্যে আসে।
মঙ্গলবার নাবালিকার বাবা অভিযোগ দায়ের করেন। মামলা রুজু করে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উত্তর রেঞ্জের আইজি হিমাংশু লাল সাংবাদিকদের জানান, “আমরা সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করেছি।” বলাঙ্গীর এসপি অভিলাষ জি বলেন, “ছয়জনের মধ্যে ১৭ বছরের এক কিশোর এই অপরাধের মূলচক্রী। আমরা আদালতে আবেদন জানাব যাতে প্রধান অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হয়।” গণধর্ষণের ভিডিও রেকর্ড করা মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।




















