কলকাতা: শনিবার দুপুরে নাটকীয় পরিস্থিতির তৈরি হল জোড়াসাঁকো ও কালীঘাট এলাকায়। এদিন সিআইডি আধিকারিকদের একটি দল প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামের বাসভবনে পৌঁছয়। সেখানে তৃণমূল সাংসদকে না পেয়ে তদন্তকারীরা সোজা চলে যান তাঁর কালীঘাটের বাড়িতে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার ঠিক বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। (cid come to tmc mla kunal ghosh house)
ঠিক একই সময়ে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে রামমোহন রায় রোডের একটি বাড়িতে এসেছিলেন অভিষেক ও কুণাল ঘোষ। অভিষেক সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই, কুণাল ঘোষ যখন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই চার-পাঁচজনের সিআইডি প্রতিনিধি দল সেখানে এসে পৌঁছয়। তৃণমূল বিধায়ক আধিকারিকদের বসার ঘরে অপেক্ষা করতে বলে পূর্বনির্ধারিত সাংবাদিক বৈঠকটি সম্পন্ন করেন এবং তারপর তদন্তকারীদের মুখোমুখি হন।
সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ জানান, “ওঁদের সঙ্গে আমার আগে ফোনে কথা হয়েছিল। ঠিক ছিল শুক্রবার সকাল ১১টায় তদন্তকারীরা আসবেন। কিন্তু তাঁরা না আসায় আমি বিধানসভায় চলে যাই। আজ হঠাৎ এসেছেন। তবে ওঁরা কোন বিষয়ে তদন্ত করতে এসেছেন, তা আমার জানা নেই।” উল্লেখ্য, গত পরশুই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা, যার পর আজ কুণাল ও অভিষেকের বাড়িতে সিআইডি-র এই তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।




















