কলকাতা: অনূর্ধ্ব ষোলোর বদলা অনূর্ধ্ব চোদ্দতে। দিন কয়েক আগে এআইএফএফ এর জুনিয়র লিগে একে অপরের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল দল (Kolkata Derby) তিনটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল লাল-হলুদের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। এবার পড়শী ক্লাবের অনূর্ধ্ব ১৪ ফুটবল দলকে পরাজিত করল সবুজ-মেরুনের ছোটরা। নির্ধারিত সূচি অনুসারে আজ বিকেলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাব জুনিয়র লিগে মুখোমুখি হয়েছিল মোহন-ইস্ট। এই ম্যাচে জয় ছিনিয়ে নিল মোহনবাগান।
এদিন দলের হয়ে একটি মাত্র গোল করেন টাইসন শর্মা। তবে শুধুমাত্র আজ গোল করে ডার্বি জয় করাই নয়। পাশাপাশি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে ও চলে গেল মোহনবাগান দল। যেটা নিঃসন্দেহে খুশি করবে বাগান সমর্থকদের। বলাবাহুল্য, অন্যান্য সিজনের মতো এবারও যথেষ্ট দাপটের সাথেই শুরু করেছিল মোহনবাগানের সিনিয়র দল। ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড এসেছে গঙ্গা পাড়ের তাঁবুতে। সুপার কাপের হতাশা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগ ও দাপটের সাথে শুরু করেছিল মেরিনার্সরা। যারফলে শীর্ষস্থানে উঠে আসছে খুব একটা সমস্যা হয়নি।
কিন্তু ছন্দপতন হয় গত বেঙ্গালুরু ম্যাচ থেকে। কান্তিরাভা স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে ফিরে আসার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে পরাজিত হতে হয় মুম্বাই সিটির কাছে। সেই ধাক্কা ভুলে দিন কয়েক আগে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এগিয়ে থেকেও আটকে যেতে হয় শুভাশিস বসুদের। যারফলে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি মোহনবাগানের সিনিয়র দল। এই পরিস্থিতিতে ছোটদের ডার্বি জয় নিঃসন্দেহে তৃপ্ত করবে সমর্থকদের।




















