সায়ন সেনগুপ্ত, কলকাতা: দিনকয়েক আগেই কলিঙ্গের বুকে ওডিশা এফসিকে আটকে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন অ্যাডিসন সিং। শেষ পর্যন্ত এক পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। যেটা মনোবল বাড়িয়ে দিয়েছিল দলের সকল ফুটবলারদের। এবার সেই ধারা বজায় রেখেই দ্বিতীয় পয়েন্ট ঘরে তুলে নিল রেড রোডের এই ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান (Mohammedan SC)।
আরও পড়ুন: বিতর্কের মাঝেও খুশি মোহনবাগান! অসন্তোষ লাল-হলুদ শিবিরে
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। যারফলে ৯ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের নবম স্থানেই থাকল অভিষেক বচ্চনের দল। তবে এদিনের এই ম্যাচে একাধিকবার আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খুলতে পারেননি আলবার্তো নগুয়েরা থেকে শুরু করে চিমা চুকুরা। বারংবার আটকে যেতে হয়েছিল হীরা মন্ডলদের কাছে। এমনকি হলুদ কার্ডও দেখতে হয় নগুয়েরাকে। ভারতীয় ব্রিগেড নিয়ে এই লড়াই নিঃসন্দেহে কিছুটা হলেও খুশি করেছে সাদা-কালো সমর্থকদের।
আরও পড়ুন: লরিয়াসে পুরস্কার হাতছাড়া হরমনপ্রীতদের, টিম অফ দ্য ইয়ার পিএসজি
আপাতত বেশ কয়েকদিন বিরতি। তারপর ফের অ্যাওয়ে ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লি। গত কয়েক ম্যাচ ধরেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে দিল্লি। কাজেই লড়াইটা যে কঠিন হবে সেটা জানা সকলের।




















