Kolkata, April 21: একরাশ হতাশা ভারতীয় মহিলা ক্রিকেট শিবিরে। লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার এর জন্য মনোনীত হয়েছিল হরমনপ্রীত কৌররা। তবে জেতা হল না ভারতের। পুরস্কার ছিনিয়ে নিল ফরাসি দল, প্যারিস সাঁ জাঁরমা (PSG)।
ভারতের মহিলা ক্রিকেট দল ২০২৫ ওডিআই বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছিল। পুরো টুর্নামেন্টে জুড়ে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে সারা বিশ্বের সম্মান কুড়িয়ে ছিল ভারতের মেয়েরা। সেকারণেই মনোনয়ন পেয়েছিল ভারতীয় দল। তবে লড়াই সহজ ছিল না। ভারতীয় মহিলা দলের পাশাপাশি ছিল বিশ্বের একাধিক শীর্ষ দল।
টিম অফ দ্য ইয়ার সম্মানে পুরস্কৃত করা হল ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁরমা-কে। ২০২৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বড় ব্যবধানে জয়, ঘরোয়া ট্রেবল—সব মিলিয়ে গোটা মরসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স। আর এক মরসুমে তাদের ধারাবাহিক সাফল্যের ভিত্তিতেই এই সম্মাননা পেয়েছে পিএসজি।
লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার কি?
লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার হল প্রতি বছর সেরা ক্রীড়া দলকে সম্মানিত করার জন্য একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। এটি মূলত ‘স্পোর্টস অস্কার’ হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে ১০ মিলিয়নেরও বেশি দলের মধ্য থেকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। এই সম্মান প্রদান করে লরিয়াস স্পোর্ট ফর গুড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন বিভাগে আরও বেশ কয়েকটি পুরস্কার প্রদান করা হয়।




















