কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি প্রভাব এবার ভারতের গৃহস্থের রান্নাঘরে। একধাক্কায় রান্নার গ্যাসের (LPG) দাম বৃদ্ধি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল চাপানউতোর। রবিবার এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে মহামিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি নিয়েই এবার কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, আন্তর্জাতিক সংকটের কারণে ঘটা এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে স্রেফ রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী।
যুদ্ধের বাজারে গ্যাসের দাম নিয়ে রাজনীতি!
শনিবার বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়টা তৈরি করছেন। উনি খুব ভালো করেই জানেন গ্যাস কোথা থেকে আসে এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ঠিক কী।” মিঠুন আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধের এই আবহে আগামী দিনে পেট্রল ও ডিজেলের দামও বাড়তে পারে এবং এটি কোনওভাবেই শুধু ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয়। পাশাপাশি রাজ্যের দিকে বল ঠেলে তিনি প্রশ্ন তোলেন, কেন দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় পেট্রল ও ডিজেলের দাম বেশি?
‘সনাতনীরা জেগে উঠছে’, আত্মবিশ্বাসী মিঠুন LPG Price Hike Politics West Bengal
এদিন রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী শোনাল ‘মহাগুরু’কে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের বিষয়ে আশাপ্রকাশ করে তিনি জানান, দলের ‘পরিবর্তন যাত্রা’য় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। মিঠুনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সনাতনীরা জেগে উঠছে।” ভোটের আগে দলের কর্মী-সমর্থকদের শান্ত থেকে তৃণমূল স্তরে সংগঠন আরও মজবুত করার বার্তাও দেন তিনি।
বাংলা ভাগ ও ডিএ ইস্যুতে রাজ্যকে কটাক্ষ
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন মিঠুন। তবে বিজেপি যে কোনওরকম প্ররোচনায় পা দিয়ে ঝামেলা চায় না, তা স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি, বাংলা ভাগের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি সাফ জানান, “বিজেপি বাংলাকে ভাগ করতে চায় না। বাংলা ভাগ না করার জন্যই আমরা লড়ব।”
সবশেষে, রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্প এবং রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) না দেওয়ার ইস্যু নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় কটাক্ষ করেন এই শীর্ষ বিজেপি নেতা।




















