ভারী বৃষ্টির সম্ভবনা, কলকাতাসহ একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

কলকাতা: তিলোত্তমাসহ একাধিক জেলায় রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা৷ হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,…

কলকাতা: তিলোত্তমাসহ একাধিক জেলায় রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা৷ হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে৷

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ৪০–৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে৷ কিছু জেলায় কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টি হতে পারে৷ উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সতর্কতা জারি রয়েছে৷ বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সতর্কতা আছে৷ উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে৷

   

শনিবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে৷ তবে রবিবার থেকে আবহাওয়া হঠাৎ পরিবর্তিত হতে পারে৷
কলকাতার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫২–৯৪ শতাংশ। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।