দোলে কড়া নজরদারি কলকাতা পুলিশের, গ্রেফতার ৩৩০

কলকাতা: এবছর দোলে কলকাতায় বড় কোনও দুর্ঘটনা ছাড়াই পালিত হল উৎসব৷ কড়া নিরাপত্তা ও নজরদারির জেরে শহরজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। তবে অভব্য আচরণ, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: এবছর দোলে কলকাতায় বড় কোনও দুর্ঘটনা ছাড়াই পালিত হল উৎসব৷ কড়া নিরাপত্তা ও নজরদারির জেরে শহরজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। তবে অভব্য আচরণ, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৩৩০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)৷

লালবাজার সূত্রে খবর, শহরের ১০টি ডিভিশনে মিলিয়ে এই গ্রেফতারি হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২৫ লিটার মদ। দোলের দিন যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়েছিল। তার মধ্যে ৮৬টি সংবেদনশীল জায়গায় বিশেষ পিকেট ছিল। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, খান্না মোড়, শ্যামবাজার-সহ ব্যস্ত এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল।

   

বিশেষ পিকেটে ছ’জন করে পুলিশকর্মী দায়িত্বে ছিলেন, আর বাকি ৩১২টি পিকেটে তিনজন করে কর্মী মোতায়েন করা হয়। শহরজুড়ে টহল দেয় ৬২টি পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম। মোটরবাইক বাহিনীও বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল।

গত কয়েক বছরে দোলের দিনে মদ্যপ ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে একাধিক বড় দুর্ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর আগেভাগেই কড়া নির্দেশিকা জারি করা হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা রাস্তায় বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের দাবি, কঠোর নজরদারির ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শুধু রাস্তায় নয়, গঙ্গার ঘাটগুলিতেও ছিল সমান সতর্কতা। শহরের আটটি ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিচলিঘাট, দাইঘাট ও আউটরাম ঘাট এলাকায় জোয়ার-ভাঁটার সময় মাইকিং করে সতর্ক করা হয় সাধারণ মানুষকে। দক্ষিণে পশ্চিম বন্দর থানা এলাকা থেকে হুগলির কোন্নগর পর্যন্ত চারটি স্পিডবোট নিয়ে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ। ঘাট সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google