কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। আগামী সোমবার থেকে ব্লু লাইন (উত্তর-দক্ষিণ) এবং গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট)-এ পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের কর্মদিবসে আরও বেশি সময় ট্রেন চলবে, ফলে অফিসযাত্রীসহ সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।
নতুন সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ট্রেন চলবে সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। বর্তমানে চালু থাকা পরিষেবার তুলনায় এটি প্রায় দেড় ঘণ্টা বেশি।
একইভাবে গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো)-এও সোমবার থেকে শনিবার সকাল ৬টা থেকেই পরিষেবা শুরু হবে। হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। অর্থাৎ এই রুটেও পরিষেবা প্রায় ৬৫ মিনিট বাড়ানো হচ্ছে।
রবিবারের পরিষেবার ক্ষেত্রে শুরু হওয়ার সময় অপরিবর্তিত থাকছে। ওই দিন সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ব্লু ও গ্রিন উভয় লাইনে। পরিষেবার সময় বাড়ার ফলে কর্মদিবসে উভয় লাইনে ১২টি করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। আর রবিবার থাকবে ৬টি অতিরিক্ত পরিষেবা।
বর্তমানে ব্লু লাইনে কর্মদিবসে ২৭২টি, শনিবার ২৫৮টি এবং রবিবার ১৫৮টি ট্রেন পরিষেবা রয়েছে। অন্যদিকে গ্রিন লাইনে কর্মদিবসে ২৩৬টি, শনিবার ২১২টি এবং রবিবার ১১১টি পরিষেবা চালু রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর থেকে ব্লু লাইনের বিশেষ রাতের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ২৪ মে থেকে রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন চালু থাকলেও শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল ব্যবস্থা তৈরির কাজের জন্য সেই পরিষেবা বন্ধ করা হয়।
নতুন পরিষেবা চালুর জন্য মেট্রো কর্মীদেরও কাজের সময় এগিয়ে আনা হয়েছে। এখন তাঁদের সকাল ৫টায় ডিউটিতে যোগ দিতে হবে, যেখানে আগে রিপোর্টিংয়ের সময় ছিল সকাল ৬টা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা ২৫ মিনিটে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। তবে যাত্রীদের অসুবিধা হবে না। টিকিট কেনার জন্য অটোমেটিক ভেন্ডিং মেশিন (AVM) ব্যবহার করা যাবে।
এদিকে, কর্মীসংকট মোকাবিলায় ধাপে ধাপে আনম্যানড স্টেশন চালুর দিকেও এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও কর্মী সংগঠনের একাংশের দাবি, পরিষেবার সময় বাড়ানোর পাশাপাশি স্টেশনগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও জনবলও বাড়ানো উচিত।
মেট্রো সূত্রের দাবি, টিকিট কাউন্টার বন্ধ হলেও স্টেশন পুরোপুরি ফাঁকা থাকবে না। শিফট ইনচার্জ, কমার্শিয়াল পোর্টার, এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্যানেল অপারেটর ও পয়েন্টসম্যান নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন, যাতে পরিষেবা নির্বিঘ্নে চালানো যায়।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





