কলকাতা: আন্ডারগ্রাউন্ড মেট্রো থেকে শুরু করে গঙ্গার তলা দিয়ে ছোটা আন্ডারওয়াটার মেট্রো—সব ক্ষেত্রেই ইতিহাস তৈরি করেছে কলকাতা। আর এবার সেই তিলোত্তমার মুকুটেই জুড়তে চলেছে আরও একটি নতুন পালক। শহরের রাস্তার যানজট এড়াতে এবং পরিবহণ ব্যবস্থাকে আরও দ্রুত ও আধুনিক করতে গঙ্গার বুকে ‘ওয়াটার মেট্রো’ (Water Metro) চালুর মেগা পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
মডেল সেই কেরলের কোচি
দেশের মধ্যে প্রথম এবং এশিয়ার অন্যতম বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা হলো কোচি ওয়াটার মেট্রো, যা সেখানকার দশটি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এবার সেই কোচির সফল মডেলকেই কলকাতায় প্রয়োগ করতে চাইছে রাজ্য। এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কোচির একটি সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় মেগা বৈঠক Kolkata Water Metro Project
নবান্ন ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই কলকাতা পুরসভায় (KMC) এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই হাই-প্রোফাইল বৈঠকে উপস্থিত থাকবেন কোচির ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিরা। সেখানে তাঁরা কলকাতায় এই একই ধরনের পরিষেবা চালুর সম্ভাবনা ও পরিকল্পনার বিস্তারিত রূপরেখা রাজ্য সরকারের সামনে তুলে ধরবেন। পাশাপাশি, কী ধরনের বোট ব্যবহার করা হবে, প্রকল্পের সম্ভাব্য বাজেট কত হতে পারে এবং তা চালুর রূপরেখা কী হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।
কেমন হবে কলকাতার ‘ওয়াটার মেট্রো’?
পুরসভা সূত্রে খবর, কোচির মডেল অনুসরণ করেই গঙ্গার বুকে অত্যাধুনিক জলযান নামানোর প্রস্তাব রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বোটগুলি ব্যাটারি ও ডিজেল জেনারেটর-চালিত বৈদ্যুতিক হাইব্রিড প্রযুক্তিতে চলবে। এই আধুনিক জলযানগুলি গঙ্গার পরিবেশ বা জলজ বাস্তুতন্ত্রের বিন্দুমাত্র ক্ষতি করবে না বলে আগাম আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।সাধারণ লঞ্চ বা ফেরির তুলনায় এগুলি অত্যন্ত দ্রুতগামী। ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক কম সময়ে পৌঁছনো যাবে।
যানজট ও দূষণ থেকে মুক্তি
প্রশাসনের একাংশের মতে, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে শহরের রাস্তায় গাড়ির চাপ অনেকটাই কমানো সম্ভব হবে। যাত্রীরা নিত্যদিনের যানজট এড়িয়ে গঙ্গার মনোরম পরিবেশে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন। পাশাপাশি, হাইব্রিড প্রযুক্তির কারণে শহরের দূষণ নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দেশের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল এই কলকাতাতেই। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে নিয়ে ছুটে চলা সেই মেট্রো আজ শহরের গর্ব। নবান্নের শীর্ষ আধিকারিকদের মতে, সেই ধারাবাহিকতা বজায় রেখে গঙ্গার বুকে ‘ওয়াটার মেট্রো’ চালু হলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে।




















