কলকাতা: রাস্তার মোড়ে মোড়ে কলকাতা পুলিশের কিয়স্কের চেনা নীল-সাদা রং আচমকাই বদলে গেল গোলাপিতে! মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এবং তাঁদের মনে ভরসা জোগাতে জোড়া অভিনব উদ্যোগ নিল লালবাজার। চালু হল মহিলাদের জন্য বিশেষ ‘পিঙ্ক বুথ’ এবং রাতের পাহারায় মহিলা পুলিশের টহলদারি বাহিনী ‘শাইনিং’।
আরজি কর কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে প্রশাসনের ওপর যে প্রবল চাপ তৈরি হয়েছিল, নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্ব নেওয়ার পর এই পদক্ষেপ সেই ভাবমূর্তি মেরামতেরই চেষ্টা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নগরপালের কথায়, “আমরা চাই মহিলারা কেবল নিরাপদ থাকুন তা নয়, তাঁরা যেন নিরাপদ বোধও করেন।”
কোথায় কোথায় চালু হলো ‘পিঙ্ক বুথ’?
শনিবার সন্ধ্যা থেকেই শহরের ৫টি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়ে এই বুথগুলি খুলছে৷ যেগুলি রয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, কাঁকুড়গাছি, হাডকো মোড়, গড়িয়াহাট ও বেহালা চৌরাস্তায়৷ কী কী সুবিধা মিলবে এই বুথগুলিতে?
বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বুথগুলিতে দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ আধিকারিকরা। এর ফলে মহিলারা যেকোনো বিপদে বা প্রয়োজনে দ্বিধাহীনভাবে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। বুথগুলিতে থাকছে সিসিটিভি-র (CCTV) নজরদারি। থাকছে প্রাথমিক চিকিৎসার (First Aid) সরঞ্জাম, জরুরি ফোন এবং থানা বা হাসপাতালের দরকারি নম্বর। মহিলা পুলিশকর্মীদের পোশাক পরিবর্তনের জায়গা।
রাতের নিরাপত্তায় নামছে ‘শাইনিং’ Kolkata Pink Booth Women Safety
রাতে যেসব মহিলারা কাজ সেরে বাড়ি ফেরেন, তাঁদের যাতায়াতের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় নামছে মহিলা অফিসারদের বিশেষ টহলদারি গাড়ি ‘শাইনিং’। রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত শহরের রাস্তায় কড়া নজরদারি চালাবে এই প্রমীলা বাহিনী।
মুখ্যমন্ত্রীর বার্তা
লালবাজারের এই যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়ে আসছে। আমার বিশ্বাস, নতুন উদ্যোগগুলি শহরের সেই নিরাপদ অবস্থানকেই আরও এগিয়ে নিয়ে যাবে।”




















