শহরে ইচ্ছেমতো বাড়ছে অটো ভাড়া! মধ্যবিত্তের পকেটে টান, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কলকাতা ও শহরতলির দৈনন্দিন জীবনে। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সিএনজি (CNG) গ্যাসের তীব্র আকালের জেরে শহরের লাইফলাইন হিসেবে পরিচিত অটো পরিষেবা বর্তমানে সঙ্কটের মুখে। আর ...

By Moumita Biswas

Published:

Follow Us
Kolkata auto fare hike

কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কলকাতা ও শহরতলির দৈনন্দিন জীবনে। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সিএনজি (CNG) গ্যাসের তীব্র আকালের জেরে শহরের লাইফলাইন হিসেবে পরিচিত অটো পরিষেবা বর্তমানে সঙ্কটের মুখে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্য সরকারের কোনওরকম অনুমোদন ছাড়াই একাধিক রুটে একধাক্কায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অটো ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মধ্যবিত্তের পকেটে কোপ, কোথায় কোথায় বাড়ল ভাড়া?

কলকাতা ও শহরতলির একটা বড় অংশের নিত্যযাত্রী প্রতিদিনের যাতায়াতের জন্য অটোর উপর নির্ভরশীল। জানা যাচ্ছে, গড়িয়া, বারুইপুর, বারাসত-সহ একাধিক জায়গায় বেআইনিভাবে অটো ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। হুট করে প্রতিদিনের যাতায়াতে এই বাড়তি খরচের ধাক্কায় কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। জনদুর্ভোগ বাড়তেই স্বাভাবিকভাবে বিরোধীদের নিশানায় চলে এসেছে রাজ্য সরকার।

   

উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর, কড়া পদক্ষেপের বার্তা Kolkata auto fare hike

বেআইনিভাবে এই অটো ভাড়া বৃদ্ধির খবরে চরম উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সাংবাদিক সম্মেলনে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করে কড়া বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য: তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সব অটোর ক্ষেত্রে এখনই ভাড়া বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ, অনেক অটোই পেট্রোল বা ডিজেলে চলে। মূল সমস্যা হচ্ছে সিএনজি (CNG) গ্যাসে।

সরকারের পদক্ষেপ: পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, “আমরা সিএনজি গ্যাস সরবরাহকারীদের ডেকেছিলাম। তাঁদের স্পষ্টভাবে বলা হয়েছে সাপ্লাই ঠিক রাখতে, যাতে অটোচালকরা গ্যাস পান। রাজ্য সরকার এর জন্য সবরকম সহযোগিতা করবে।”

তুঙ্গে রাজনৈতিক তরজা: সরব বিজেপি ও সিপিএম

অটোর এই বেআইনি ভাড়া বৃদ্ধি নিয়ে ময়দানে নেমেছে বিরোধী দলগুলি। শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা৷  বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির কটাক্ষ, “প্রতিবছর পুজোর সময় নিয়ম করে ২ থেকে ৫ টাকা ভাড়া বাড়ে, যা পরে আর কমে না। তখন তো পেট্রোলের দাম বাড়ে না! তৃণমূল অটোর থেকে কাটমানি নিয়ে রেজিস্ট্রেশন করে বলেই ভাড়া বাড়লেও তারা কিছু বলতে পারে না।”

সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তের দাবি, ‘‘সরকার তো মানুষের ভালো করতে চায় না। তাই জিনিসপত্র থেকে অটোর ভাড়ার দাম বাড়ছে। আর এর প্রতিবাদ করতে গেলেই ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে। সারা দেশেই এই অবস্থা, যার জন্য তৃণমূল এবং বিজেপি, উভয়ই দায়ী।’’

কী বলছে শাসকদলের শ্রমিক সংগঠন (INTTUC)?

বিরোধীদের এই সমস্ত দাবি এবং অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইএনটিটিইউসি (INTTUC) নেতা তাপস দাশগুপ্ত। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, “ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই এ নিয়ে বৈঠক হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন, তেমনটাই করা হবে।”

পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যে রুটগুলি সংগঠনকে না জানিয়ে নিজেদের ইচ্ছেমতো বেআইনিভাবে ভাড়া বাড়িয়েছে, তাদের কাজ ঠিক হয়নি। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google