রথযাত্রায় বড় বিপত্তি: পুরীতে ভিড়ের চাপে পদপিষ্ট ১২০, আতঙ্ক বড় দণ্ডায়

পুরী: পুরীর জগন্নাথ রথযাত্রার আনন্দঘন মুহূর্তে বড় দণ্ডায় (গ্র্যান্ড রোড) নামল শোকের ছায়া। বৃহস্পতিবার লক্ষাধিক মানুষের ভিড়ে রথ টানার সময় তৈরি হলো চরম বিশৃঙ্খলা। ভিড়ের…

পুরী: পুরীর জগন্নাথ রথযাত্রার আনন্দঘন মুহূর্তে বড় দণ্ডায় (গ্র্যান্ড রোড) নামল শোকের ছায়া। বৃহস্পতিবার লক্ষাধিক মানুষের ভিড়ে রথ টানার সময় তৈরি হলো চরম বিশৃঙ্খলা। ভিড়ের চাপে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলেন প্রায় ১২০ জন ভক্ত। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে পুরী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এক ভক্তের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে এক ব্যক্তি সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত তাঁকে পুরী জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেশাল রেসকিউ ইউনিট (এসআরইউ) দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ভিড়ের মধ্যে আটকে থাকা মানুষজনকে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষ বড় দণ্ডায় জনসমাগম নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়িয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই ১২ শতকের মন্দির থেকে প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার রথযাত্রা শুরু হয়। এদিন সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর ছিল পুরীর আকাশ-বাতাস। শঙ্খ, ঘণ্টা ও করতাল ধ্বনির মাঝে সুভদ্রার ‘দর্পদলন’ রথে চক্ররাজ সুদর্শনকে প্রথমে নিয়ে আসা হয়। এরপর ‘শুন্য পহণ্ডি’র মাধ্যমে দেবী সুভদ্রাকে তাঁর রথে আনা হয়। সবশেষে প্রভু জগন্নাথের রথ যাত্রার সূচনা হতেই ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে ফেটে পড়ে গোটা বড় দণ্ডা।

কিন্তু রথযাত্রার সেই মাহেন্দ্রক্ষণেই জনসমুদ্রের তীব্র চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রথ ঘিরে ভক্তদের উৎসাহ এবং অত্যধিক ভিড়ের কারণে বিশৃঙ্খলা তৈরি হলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনার পরেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন। ভিড় সামলাতে এবং আগামী দিনগুলিতে যাতে এমন অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে সতর্কবার্তা জারি করা হয়েছে।

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

EPFO: ১৫ জুলাইয়ের মধ্যেই ৩৪ কোটি অ্যাকাউন্টে জমা পড়ল ৮.২৫% সুদ