আইপিএল তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, রাঁধুনিকে হেনস্তার মামলায় শুরু তদন্ত

আইপিএলের পরিচিত মুখ শশাঙ্ক সিং এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে (Shashank Singh)। ভোপালের রাতিবাদ থানায় এক রাঁধুনির অভিযোগের ভিত্তিতে শশাঙ্ক সিং, তাঁর বাবা…

shashank-singh-fir-bhopal-assault-case

আইপিএলের পরিচিত মুখ শশাঙ্ক সিং এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে (Shashank Singh)। ভোপালের রাতিবাদ থানায় এক রাঁধুনির অভিযোগের ভিত্তিতে শশাঙ্ক সিং, তাঁর বাবা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার শৈলেশ সিং এবং তাঁদের গাড়িচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই রাঁধুনিকে শারীরিকভাবে মারধর করার পাশাপাশি তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বিভিন্নভাবে হেনস্তা করা হয়।

অভিযোগকারী বিপেন্দ্র সিং তোমরের দাবি, তিনি গত ২৫ জুন শৈলেশ সিংয়ের বাড়িতে রাঁধুনির কাজ শুরু করেন। কিন্তু কাজে যোগ দেওয়ার পর থেকেই বাড়ির সদস্যরা তাঁর কাজে অযথা খুঁত ধরতে শুরু করেন। তিনি আরও অভিযোগ করেন, একসময় তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়, যার ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেও সমস্যায় পড়েন।

   

আরও দেখুনঃ অবৈধ ধর্মান্তকরণে রাশ টেনেছে কেন্দ্র! প্রার্থনার নাম করে কেন্দ্র বিরোধী কার্যকলাপ গির্জায়

বিপেন্দ্রর বক্তব্য অনুযায়ী, তিনি নিজের মোবাইল ফোন ফেরত চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর অভিযোগ, ফোন ফেরত চাওয়ার পর শৈলেশ সিং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তিনি নিজের ঘরে ঢুকতেই শৈলেশ সিং, শশাঙ্ক সিং এবং তাঁদের গাড়িচালক একসঙ্গে তাঁর ওপর চড়াও হন। তাঁকে চড়-ঘুসি মেরে মারধর করা হয় এবং পরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

শুধু তাই নয়, অভিযোগকারী আরও দাবি করেছেন যে তাঁর কাছ থেকে এক হাজার টাকাও নিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পর তিনি সরাসরি রাতিবাদ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত পুলিশ তদন্তের অগ্রগতি বা অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। উল্লেখ্য, শশাঙ্ক সিং আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে পরিচিতি অর্জন করেছেন। কঠিন পরিস্থিতিতে দলকে জয় এনে দিয়ে তিনি সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন। অন্যদিকে তাঁর বাবা শৈলেশ সিং মধ্যপ্রদেশ পুলিশের প্রাক্তন স্পেশাল ডিজি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং প্রশাসনিক মহলে পরিচিত নাম।

তবে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্রিকেটমহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত শশাঙ্ক সিং, তাঁর বাবা কিংবা পরিবারের অন্য কোনও সদস্য এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পুলিশের তদন্ত এবং আইনি প্রক্রিয়ার ওপর।