বেঙ্গালুরু: বৃহস্পতিবার ফের আতঙ্ক ছড়াল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-র প্রধান দফতরে। এদিন ইসরোর চেয়ারম্যান ড. ভি. নারায়ণনের দপ্তরে একটি ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি শুরু হয়।
ঘটনাক্রম
হুমকিপূর্ণ ইমেলটি পাওয়ার পরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও বোম্ব স্কোয়াডকে। পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো দপ্তর এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে চলে এই তল্লাশি ও এলাকা স্যানিটাইজেশনের প্রক্রিয়া। যদিও দীর্ঘ তল্লাশির পরেও সন্দেহজনক কোনো বস্তু বা বিস্ফোরক সেখানে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘হুমকি’ হিসেবেই দেখা হচ্ছে।
Read More: ফরেনসিকের হাতেই বদল ভিসেরা নমুনা! বিস্ফোরক চিঠি পেয়ে কোর্টে নির্যাতিতার পরিবার
তদন্তে পুলিশ
ইমেলটি ঠিক কোথা থেকে বা কোন সার্ভার থেকে পাঠানো হয়েছে, তা ট্র্যাক করতে একাধিক পুলিশ টিম কাজ শুরু করেছে। প্রেরকের পরিচয় এবং এই ধরনের হুমকির নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খুঁজে বের করাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য। বিদেশ থেকে এই ইমেল পাঠানো হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আতঙ্কের পুনরাবৃত্তি
উল্লেখ্য, এই ধরণের ভুয়া বোমা হামলার হুমকি নতুন নয়। গত বছরই দিল্লির একাধিক নামী স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বারবার ঘটে যাওয়া এই ধরণের ঘটনার পেছনে বড় কোনো চক্র রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন তদন্তকারীরা।
ইসরো দপ্তরে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই ঘটনাকে হালকাভাবে দেখছে না পুলিশ। এখন পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।


