নাগরিকত্ব পেতে নতুন নিয়ম! পাসপোর্ট নিয়ে কড়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসে যাঁরা ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন করছেন, তাঁদের জন্য এবার নিয়ম আরও কড়া করল কেন্দ্র। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এখন থেকে আবেদনকারীকে তাঁর ...

By Moumita Biswas

Published:

Follow Us
India Citizenship Rule Change

নয়াদিল্লি: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসে যাঁরা ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন করছেন, তাঁদের জন্য এবার নিয়ম আরও কড়া করল কেন্দ্র। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এখন থেকে আবেদনকারীকে তাঁর নিজের দেশের পাসপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে একটি বিশেষ ঘোষণাপত্র বা ‘ডিক্লারেশন’ জমা দিতে হবে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি (Citizenship Rules, 2009) সংশোধন করে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (India Citizenship Rule Change)

নতুন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, ভারতের নাগরিক হতে চাওয়া কোনও বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের কোনও বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ (Expired) পাসপোর্ট লুকিয়ে রাখা চলবে না। আবেদনকারীর কাছে যদি তাঁর দেশের কোনও বৈধ পাসপোর্ট থাকে, তবে আবেদনের সময় সেই পাসপোর্টের নম্বর, সেটি কবে জারি হয়েছিল এবং তার মেয়াদ কত দিন রয়েছে, এই সমস্ত তথ্য লিখিতভাবে সরকারকে জানাতে হবে।

   

ঘোষণাপত্রে আবেদনকারীকে লিখিত আকারে প্রতিশ্রুতি দিতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ঠিক ১৫ দিনের মধ্যে তিনি তাঁর কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন।

২০০৯ সালের বিধিতে নতুন অনুচ্ছেদ

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে তাতে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এই নতুন অংশটি বিধিমালার ‘১সি তফসিল’-এর ঠিক পরে যুক্ত হবে। উল্লেখ্য, এই ১সি তফসিলটি মূলত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।

প্রেক্ষাপট

২০১৯ সালে দেশজুড়ে বিতর্ক ও আলোচনার আবহে নাগরিকত্ব সংশোধনী আইন বা ‘সিএএ’ (CAA) পাস করিয়েছিল মোদী সরকার। এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে চলে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ মসৃণ করা হয়েছিল। এবার সেই প্রক্রিয়াকে আরও নিশ্ছিদ্র ও স্বচ্ছ করতে ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে পাসপোর্টের এই নতুন শর্ত জুড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google