নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলা Cockroach Janta Party (CJP)-এর আন্দোলন ঘিরে হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে দিল্লি পুলিশ। পিটিআই (PTI)-এর প্রতিবেদন অনুযায়ী, হিংসায় সরাসরি জড়িতদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
দিল্লি পুলিশ সূত্রের দাবি, বিক্ষোভ চলাকালীন যাঁরা ভাঙচুর বা হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করতে CCTV ফুটেজ, ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
Also Read | ‘ওয়াংচুকের নাম ভাঙিয়ে রাজনীতি হচ্ছে!’ কংগ্রেসকে নিশানা সমাজকর্মীর স্ত্রীর
তদন্তে যাঁদের বিরুদ্ধে হিংসায় সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনি বিধান অনুযায়ী পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।
উল্লেখ্য, বুধবার রাতে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় NEET ইস্যুতে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দিল্লি পুলিশের অভিযোগ, ওই ঘটনায় ইনস্পেক্টর নন্দ কিশোর সিং-এর উপর হামলা চালানো হয়। তিনি নিজের গাড়ি থেকে নেমে যন্তর মন্তরের কাছে দায়িত্বস্থলে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে আক্রমণ করে বলে অভিযোগ।
Also Read | ‘চিকেনস নেক’ থেকে ‘এলিফ্যান্টস ট্রাঙ্ক’! শিলিগুড়ি করিডরের সুরক্ষায় বদল আনল ভারত
পিটিআই-কে ইনস্পেক্টর নন্দ কিশোর সিং বলেন, “ওখানে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ মানুষ জড়ো হয়েছিল। তাঁরা পুলিশ ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। আমি ভেবেছিলাম তাঁরা ছাত্র, তাই নিজের দায়িত্ব পালন করতে যাচ্ছিলাম।”
তিনি আরও অভিযোগ করেন, “ওরা লাঠি, কাঠ, ইট-পাথর এবং হাতে যা ছিল, তা দিয়েই আমাকে আক্রমণ করে। আমি আহত হই এবং কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। হামলার সময় আমি ইউনিফর্ম পরা অবস্থাতেই ছিলাম।” দিল্লি পুলিশের দাবি, এই সংঘর্ষে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, হামলা এবং ভাঙচুরে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





