চন্ডিগড়: চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ পাঞ্জাব বিজেপি অফিসের বাইরে বুধবার বিকেলে আচমকাই একটি সন্দেহজনক বিস্ফোরণ। (Chandigarh)বিস্ফোরণ ঘটতেই আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ জোরালো শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। অফিসের সামনে পার্ক করা একটি স্কুটার ও কয়েকটি গাড়িতে হালকা ক্ষতি হয়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই চণ্ডীগড় পুলিশ ও কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-এর টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।পাঞ্জাব বিজেপির মিডিয়া সেলের প্রধান বিনীত যোশি ঘটনার খবর নিশ্চিত করে বলেন, “অফিসের বাইরে জোরালো বিস্ফোরণের মতো শব্দ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি।” পুলিশ সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে একটি নিম্ন-ক্ষমতাসম্পন্ন ক্রুড বোমা বা সন্দেহজনক বস্তুর বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
সিএফএসএল টিম ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষা করছে। চণ্ডীগড় পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট কনওয়ারদীপ কৌর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেক্টর ৩৭-এর আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অফিসের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাঞ্জাব বিজেপি নেতারা এই ঘটনাকে গুরুতর বলে অভিহিত করেছেন। দলের এক নেতা বলেন, “এটা স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা হতে পারে। আমরা চণ্ডীগড় প্রশাসনের কাছে কড়া নিরাপত্তা দাবি করছি।” বিজেপি অফিসটি পাঞ্জাবের রাজনৈতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাম্প্রতিক সময়ে পাঞ্জাবে বিজেপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। এর আগেও জলন্ধরে একজন বিজেপি নেতার বাড়িতে গ্রেনেড হামলা হয়েছিল।চণ্ডীগড় পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা সবদিক থেকে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। কোনও সন্দেহজনক ব্যক্তি বা গোষ্ঠীর যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে ।”



















