কলকাতায় নগদ টাকার পাহাড় উদ্ধার, ভোটের আগে তোলপাড়

কলকাতা: এপ্রিল মাসেই বাংলায় দুই দফায় ভোট গ্রহণ হওয়ার কথা। এই আবহে জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বড়সড়…

Big Cash Seizure at Kolkata Businessman’s House Before Elections

কলকাতা: এপ্রিল মাসেই বাংলায় দুই দফায় ভোট গ্রহণ হওয়ার কথা। এই আবহে জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বড়সড় চাঞ্চল্য ছড়াল কলকাতায়। ইডির অভিযানে বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনা খাস কলকাতায়। বুধবার শহরের এক নির্মাণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ইডি সূত্রে জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বুধবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় একযোগে অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট ছয়টি জায়গায় তল্লাশি চালানো হয় বলে খবর। এর মধ্যে ছিল নির্মাণ সংস্থার অফিস, একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং কিছু প্রভাবশালী ব্যক্তির আবাস। এই অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বালিগঞ্জ এলাকার ‘সোনা পাপ্পু’ নামে পরিচিত এক ব্যক্তির বাড়ি। সেখানেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। পাশাপাশি, সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল দাসের বাড়িতেও পৌঁছে যায় ইডি আধিকারিকরা। কাঁকুলিয়া রোডের একটি বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে, যেখানে নানা গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হয়।

   

তবে সবচেয়ে বড় উদ্ধার আসে নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়ি থেকে। সেখান থেকেই নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিপুল পরিমাণ নগদের উৎস কী, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা টাকা উদ্ধারের পাশাপাশি বেশ কিছু নথি এবং ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

অন‌্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন, উদ্ধার হওয়া এই টাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ নগদ অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য মজুত রাখা হয়েছিল। একইসঙ্গে তিনি আরও দাবি করেন, ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তৃণমূলের কিছু প্রভাবশালী নেতা যেমন দেবাশিস কুমার এবং জাভেদ খানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।