নয়াদিল্লি: সোনাম ওয়াংচুকের সঙ্গে মতপার্থক্যের জল্পনা ওড়ালেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়ার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, আন্দোলন চলাকালীন ওয়াংচুকের আত্মত্যাগকে কোনও দিনই ভোলা সম্ভব নয় এবং তাঁরা দু’জনেই আন্দোলনের মূল লক্ষ্যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন।
আন্দোলন সমাপ্ত করার সময় সোনাম ওয়াংচুকের নাম কেন আলাদা করে উল্লেখ করা হয়নি, সেই বিষয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ জানান, ওই সময় আন্দোলনটি সম্পূর্ণভাবে দেশের সাধারণ ছাত্র ও যুবসমাজের হাতে চলে গিয়েছিল। যারা পথে নেমে সরাসরি পুলিশের মুখোমুখি হয়েছিল। তবে ওয়াংচুকের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর ২৬ দিনের দীর্ঘ অনশন এবং জীবনের ঝুঁকি নেওয়ার ঘটনা না ঘটলে এই সরকারকে নাড়িয়ে দেওয়া সম্ভব হতো না।
অনশন ভাঙার সময় বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও ওয়াংচুকের প্রতি কোনও ক্ষোভ প্রকাশ করেননি অভিজিৎ। তাঁর অভিযোগ, তাঁকে বা বিরোধী সাংসদদের সোনামের সঙ্গে দেখা করতে দেওয়া না হলেও শাসকদলের নির্দিষ্ট কিছু নেতার ঠিকই দেখা করার অনুমতি মিলেছিল। তাঁর দাবি, একপ্রকার গৃহবন্দি বা আটক অবস্থাতেই রাখা হয়েছিল ওই আন্দোলনকারীকে।
সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কথা বলতে গিয়ে অভিজিৎ সাফ জানিয়ে দিয়েছেন, ককরোচ জনতা পার্টি কোনও দিনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রচলিত রাজনৈতিক দলে পরিণত হবে না। বরং একটি শক্তিশালী রাজনৈতিক চাপপ্রয়োগকারী সংগঠন হিসেবেই তারা নিজেদের আন্দোলনের পরিসর বজায় রাখবে। আগামী দিনে শিক্ষার পাশাপাশি বেকারত্ব এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের মতো গুরুতর বিষয়গুলিকে সামনে রেখে সাধারণ মানুষের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
ভারতে লুকিয়ে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি জঙ্গি সাজ্জাদ আলী! তোলপাড় গোয়েন্দা মহল
হাসিনার রাজনৈতিক কার্যকলাপে লাগাম ভারতের: প্রত্যর্পণ নিয়ে কী জানাল কেন্দ্র?





