মুম্বই: ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market)। সপ্তাহের শুরুতেই ‘রেড জোন’-এ (Red Zone) খুলল নিফটি (Nifty) এবং সেনসেক্স (Sensex)। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে লগ্নিকারীদের কোটি কোটি টাকা নিমেষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল।
সেনসেক্স ও নিফটির বর্তমান পরিস্থিতি
বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পড়তে থাকে সূচক। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত বাজারের চিত্রটি অত্যন্ত হতাশাজনক৷
নিফটি (Nifty 50): আগের দিনের ২৪,৮৬৫.৭০ পয়েন্টের ক্লোজিং থেকে আজ একধাক্কায় ২৪,৩৮৮.৮০ পয়েন্টে নেমে ওপেন করে নিফটি। বর্তমানে এটি প্রায় ২.০১ শতাংশ পড়ে ২৪,৩৬৬.৮০ পয়েন্টে অবস্থান করছে।
সেনসেক্স (Sensex): আগের দিনের ৮০,২৩৮.৮৫ পয়েন্টের ক্লোজিং থেকে আজ ওপেনিংয়েই ৭৮,৫২৮ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। বর্তমানে এটি ১৬৩৯.৮৯ পয়েন্ট বা ২.০৪ শতাংশ পতন নিয়ে ৭৮,৫৯৮.৯৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।
কেন এই ভয়ংকর পতন? India stock market crash
বিশেষজ্ঞদের মতে, এই প্রবল পতনের নেপথ্যে রয়েছে বিশ্ব বাজারের তীব্র অস্থিরতা। আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের জেরে ইতিমধ্যেই ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে জাহাজে করে খনিজ তেল বিশ্বের অন্যান্য প্রান্তে পৌঁছতে পারছে না। গোটা বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক সেলিং শুরু হয়েছে।
কোন স্টকের কী অবস্থা?
একের পর এক ব্লু-চিপ এবং ব্যাঙ্কিং স্টকের ব্যাপক দরপতন এই রক্তক্ষরণকে আরও ত্বরান্বিত করেছে।
পতনের মুখে পড়েছে হেভিওয়েটরা৷ রিলায়েন্সের শেয়ার পড়েছে ২.৮৩%। পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্ক (১.১৫%), আইসিআইসিআই ব্যাঙ্ক (১.৮৬%), অ্যাক্সিস ব্যাঙ্ক (২.৮৫%), এশিয়ান পেইন্টস (২.৯৮%), মারুতি (২.৩৪%), হিন্দুস্তান ইউনিলিভার (০.৮২%) এবং আইটিসি-র (০.৩৪%) মতো হেভিওয়েট স্টকগুলিও নিচের দিকে।
তেল সংস্থাগুলির দুর্দশাও উল্লেখযোগ্য৷ জ্বালানি সংকটের আশঙ্কায় সবচেয়ে বেশি মার খাচ্ছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি। সকালেই ইন্ডিয়ান অয়েলের (IOCL) শেয়ার ৪.২৬%, বিপিসিএল (BPCL) ৪.১৪% এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) শেয়ারের দাম ৩.৯৮% কমেছে। পতন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসি ফুটিয়েছে আইটি সেক্টর
এই প্রবল রক্তক্ষরণের বাজারেও মুচকি হাসছেন আইটি (IT) সেক্টরে বিনিয়োগকারীরা। ব্যতিক্রমীভাবে আজ ইনফোসিসের শেয়ার ১.৫১% বৃদ্ধি পেয়েছে। এছাড়া এইচসিএল টেক (HCL Tech) ০.০৪% উপরের দিকে রয়েছে।




















