কলকাতা: আজ, ৩ মার্চ, রঙের উৎসব দোলের দিনই আকাশে দেখা মিলবে বছরের প্রথম চন্দ্রগ্রহণের। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। ভারতের একাধিক এলাকা, বিশেষ করে পূর্ব ভারত থেকে এই মহাজাগতিক দৃশ্য আংশিকভাবে চাক্ষুষ করা যাবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই গ্রহণের বিশেষ প্রভাব পড়তে পারে মানুষের মনের ওপর।
গ্রহণের সময়সূচি
জ্যোতিষী পণ্ডিত প্রবীণ মিশ্রের দেওয়া তথ্য অনুযায়ী, আজ চন্দ্রগ্রহণের সময়কাল প্রায় ৩ ঘণ্টা ২৭ মিনিট।
গ্রহণ শুরু হচ্ছে বিকেল ৩টে ২০ মিনিট। গ্রহণের মধ্যবর্তী সময় বিকেল ৫টা ৪ মিনিট। গ্রহণ শেষ সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট।
ভারতে কখন দেখা যাবে? Holi Full Lunar Eclipse 2026
হিসেব বলছে, আজ ফাল্গুনী শুক্লপক্ষে ভারতে চাঁদ উঠবে বিকেল ৫টা ৫৯ মিনিটে। যেহেতু চন্দ্রোদয়ের আগেই গ্রহণ শুরু হয়ে যাচ্ছে, তাই ভারত থেকে গ্রহণের শুরু বা মধ্যবর্তী অংশ দেখা যাবে না। তবে বিকেল ৫টা ৫৯ মিনিটের পর থেকে গ্রহণের শেষ অংশটুকু দেখা যাবে।
কোথায় দেখা যাবে?
ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা গেলেও, পূর্ব ভারতেই এটি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। অন্যান্য অঞ্চল থেকে এটি আংশিকভাবে দেখা যাবে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকার কিছু অংশে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
সূতক কাল কখন?
যেহেতু ভারতে এই গ্রহণ দৃশ্যমান, তাই হিন্দু পঞ্জিকা অনুযায়ী এর সূতক কালও ভারতে বৈধ। আজ সকাল ৬টা ২০ মিনিট থেকেই এই পূর্ণ চন্দ্রগ্রহণের সূতক কাল শুরু হয়ে গিয়েছে।
রাশিফলের ওপর প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই চন্দ্রগ্রহণ ঘটবে সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রকে মন নিয়ন্ত্রণকারী গ্রহ হিসেবে ধরা হয়। তাই এই গ্রহণ মানুষের মানসিক অবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। যাঁদের কুণ্ডলীতে চন্দ্র দুর্বল, তাঁরা এই সময়ে মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে পারেন। বিশেষ করে সিংহ, কর্কট এবং কুম্ভ রাশির জাতকদের এই সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।




















