কালীঘাটে জ্ঞানেশ কুমারকে ‘গো ব্যাক’ স্লোগান, ওড়ানো হল কালো পতাকা!

কলকাতা: আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্যে পা রেখেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর সোমবার সকালেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ...

By Moumita Biswas

Published:

Follow Us
Gyanesh Kumar West Bengal visit

কলকাতা: আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্যে পা রেখেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর সোমবার সকালেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে শহরে পা দেওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ এবং ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

হাসিমুখে পুজো দিয়ে বেরোলেন জ্ঞানেশ কুমার

সোমবার সকালে মুখ্য নির্বাচনী আধিকারিককে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পৌঁছান জ্ঞানেশ কুমার। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। পুজো শেষে হাসিমুখেই মন্দির থেকে বেরিয়ে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রত্যেক ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সবাইকে যেন ভাল রাখেন।” তবে বিক্ষোভের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। এরপর তিনি সোজা নিউটাউনের হোটেলের উদ্দেশে রওনা দেন। আজ তাঁর বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে।

   

দিকে দিকে কালো পতাকা ও বিক্ষোভ Gyanesh Kumar West Bengal visit

রবিবার রাতে বিমানবন্দরে নামার পর ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সিপিআইএম নেতা-কর্মীদের কালো পতাকার মুখে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার। এরপর সোমবার সকালে কালীঘাটে যাওয়ার পথে হাজরাতেও তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান একদল মানুষ। প্ল্যাকার্ড হাতে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।

কেন এই বিক্ষোভ? কী দাবি সাধারণের?

হাজরায় বিক্ষোভকারীদের দাবি, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, নিছকই সাধারণ নাগরিক। তাঁদের মূল অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে। তাঁদের দাবি, রাজ্য জুড়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে (Delete) দেওয়া হচ্ছে। এই আতঙ্কে ইতিমধ্যে অনেকের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতির দায় কে নেবে, সেই প্রশ্ন তুলেই এদিন প্ল্যাকার্ড হাতে পথে নামেন তাঁরা।

দিনভর কমিশনের হাইভোল্টেজ বৈঠক

রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক রবিবার রাতেই বিমানবন্দরে ১২ সদস্যের এই ফুল বেঞ্চকে স্বাগত জানিয়েছিলেন। জানা গিয়েছে, সোমবার দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন তাঁরা৷ সকাল ১০টায় রাজ্যের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। দুপুর ১টা ১৫ মিনিটে ভোট প্রস্তুতির সুরক্ষা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক।

এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বসবে কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ও প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে কমিশনের এই ফুল বেঞ্চের সফর এবং বিরোধী ও সাধারণ মানুষের বিক্ষোভ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google