Monday, May 25, 2026
Home West Bengal হোলির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,পরপর সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত একাধিক দোকান

হোলির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,পরপর সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত একাধিক দোকান

Kolkata Paikpara Club Explosion

মধ্যমগ্রাম: রঙের উৎসবের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। সেই সঙ্গে রান্নার গ্যাসের একাধিক সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী। (gas cylinder explosion Madhyamgram)

- Advertisement -

কীভাবে ছড়াল আগুন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোলির দিন দুপুরবেলা স্টেশন সংলগ্ন ওই এলাকায় সাধারণ মানুষের বেশ ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আশেপাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। ওই চত্বরে মূলত খাবারের দোকান থাকায় পরপর একাধিক রান্নার গ্যাসের সিলিন্ডার সশব্দে ফাটতে শুরু করে।

   

বিকট শব্দ এবং আগুনের ভয়াবহ রূপ দেখে প্রাণভয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে দেন উপস্থিত সাধারণ মানুষ। স্থানীয়দের অনুমান, অন্তত ৮ থেকে ১০টি দোকান এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

প্রশাসনের পদক্ষেপ ও বিতর্ক

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি তদারকি করতে আসেন বারাসতের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO), ডিএসপি (ট্র্যাফিক)-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলার তথা মধ্যমগ্রাম পুরসভার উপ-পুরপ্রধান প্রকাশ রাহা।

তবে এই অগ্নিকাণ্ডের পরেই স্টেশন সংলগ্ন এলাকায় যত্রতত্র গজিয়ে ওঠা ওই দোকানগুলির বৈধতা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

এই প্রসঙ্গে উপ-পুরপ্রধান প্রকাশ রাহা নিজের দায় একপ্রকার স্বীকার করে নিয়েই সংবাদমাধ্যমকে বলেন, “এই দোকানগুলি কেন হলো, কী ভাবে হল, তা নিয়ে বলতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের দিকেও প্রশ্ন উঠবে। এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এখানে খাবারের দোকান থেকেই আগুন লেগেছে এবং সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটেছে।” অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন।

Follow on Google