কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ধর্মনিরপেক্ষতা নিপাত যাক’ মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক দানা বেঁধেছে। এই মন্তব্যের জেরে এবার তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটল সিপিআইএম (CPIM)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বালিগঞ্জ থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে বাম যুব সংগঠনটি। তাদের অভিযোগ, শুভেন্দুর এই মন্তব্য দেশের সংবিধান বিরোধী এবং দীর্ঘকালীন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের পরিপন্থী।
কেন এই এফআইআর?
জানা গিয়েছে, ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির অন্যতম নেতা সৈনিক শূর বালিগঞ্জ থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ভবানীপুরে একটি ধর্মীয় মঞ্চ থেকে বিরোধী দলনেতা যে ভাষায় আক্রমণ শানিয়েছেন, তা অত্যন্ত ঘৃণ্য এবং উসকানিমূলক।
বামেদের দাবি, এই মন্তব্য দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর মূল চেতনায় সরাসরি আঘাত করে। স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে দিয়েছে, এই বক্তব্য তারও ঘোর পরিপন্থী। সৈনিক শূর বলেন, “সংবিধান লঙ্ঘনের মতো এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” বাম সূত্রের খবর, কেবল বালিগঞ্জ থানাতেই নয়, আগামী দিনে কলকাতা পুলিশের আরও একাধিক থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে একই ইস্যুতে অভিযোগ দায়ের করার পরিকল্পনা রয়েছে তাদের।
কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? FIR against Suvendu Adhikari
সম্প্রতি ভবানীপুরে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি মন্তব্য করেন, “নাস্তিকতা নিপাত যাক। সেক্যুলারিজম নিপাত যাক। হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুরা যাতে স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে, রাধামাধবের কাছে সেই প্রার্থনাই করব।”
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুরে বিরোধী দলনেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ভবানীপুর এলাকায় তাঁকে বেশ কয়েকবার সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। শুধু তাই নয়, খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই তিনি সম্প্রতি একটি ‘ওয়ার রুম’ বা নির্বাচনী কার্যালয়ও গঠন করেছেন। আর এর মাঝেই তাঁর এই ‘হিন্দু জাগরণ’ ও ধর্মনিরপেক্ষতা বিরোধী মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজার জন্ম দিল।




















