কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আর বেশি দেরি নেই। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর সূত্রে খবর, আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে বেজে যেতে পারে ভোটের দামামা। পাশাপাশি, এবারের নির্বাচন সর্বোচ্চ তিন দফায় সম্পন্ন হতে পারে বলেও বড়সড় ইঙ্গিত দিয়েছেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল।
কবে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ?
প্রথা অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যায়। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অসমে ঘুরে এসেছে কমিশনের টিম। সিইও অফিস সূত্রে খবর, ১ মার্চ নির্বাচন কমিশনের টিম রাজ্যে আসছে না। সামনেই দোলযাত্রা ও হোলির উৎসব। উৎসবের মরশুম কাটলে তবেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে পা রাখতে পারে। ফুল বেঞ্চের সফরের পরেই আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা করা হবে, যা মার্চের দ্বিতীয় সপ্তাহে বা মাঝামাঝি সময়ে হওয়ার সম্ভাবনা প্রবল।
কত দফায় ভোট? জল্পনার অবসান Election schedule announcement
গত কয়েকবার রাজ্যে দীর্ঘ মেয়াদে ভোট হলেও এবার ছবিটা বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোট কত দফায় হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। সেই বিষয়ে সিইও মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এবারের বিধানসভা ভোট সর্বোচ্চ তিন দফায় করানো হতে পারে।
এসআইআর (SIR) ও ভোটার তালিকা
রাজ্যে এতদিন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ অসম্পূর্ণ থাকার কারণে ফুল বেঞ্চের আসা পিছিয়ে যাচ্ছিল। কিন্তু শনিবার, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ার ফলে এবার কমিশনের প্রতিনিধি দলের বঙ্গ সফরের পথ প্রশস্ত হলো।
নির্বাচন সংক্রান্ত পরবর্তী রূপরেখা স্পষ্ট করতে শনিবার বিকেল ৫টায় একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।




















