কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সোমবারই মন্ত্রী হিসেবে ৩৫ জন বিধায়ক শপথ নিয়েছেন, কিন্তু এখনও তাঁদের দফতর বন্টন করা হয়নি। কার কপালে কোন মন্ত্রিত্ব জুটবে, সেই জল্পনা ও উৎকণ্ঠার মাঝেই আজ, মঙ্গলবার হঠাৎ দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাসা কর্মসূচি রয়েছে। এদিন সকালেই সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে ‘জনতার দরবারে’ সাধারণ মানুষের মুখোমুখি হন তিনি। সেখান থেকে তাঁর যাওয়ার কথা রয়েছে তারকেশ্বরে। তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। (suvendu adhikari going to delhi)
নজরে প্রধানমন্ত্রীর তারকেশ্বর সভা
প্রসঙ্গত, আগামী ২০ জুন ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, একাধিক কর্মসূচির অংশ হিসেবে তারকেশ্বরে একটি মেগা জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। মোদীর সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতেই আজ প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং পরিদর্শন করতে পারেন প্রস্তাবিত সভাস্থলও। তারকেশ্বরের কর্মসূচি সেরেই তিনি সোজা চলে যাবেন কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।
দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মেগা বৈঠক
শুভেন্দু অধিকারীর এই ঝটিকা দিল্লি সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন সহ একাধিক শীর্ষ কেন্দ্রীয় নেতার সঙ্গে তাঁর হাই-প্রোফাইল বৈঠক হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে, এই বৈঠকেই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন চূড়ান্ত করা হতে পারে। এর পাশাপাশি, রাজধানীতে একটি অত্যন্ত ‘বিশেষ’ বৈঠকেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে, তবে সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় কী, তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।




















