টিকল না চিলির অভিযোগ, বিশ্বকাপ খেলবে ইকুয়েডরই

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের হয়ে মাঠে নেমেছিলেন এক কলম্বিয়ান ফুটবলার। এমনই গুরুতর অভিযোগ তুলেছিল চিলি। খেলোয়াড়ের জন্মস্থান ও বয়স চুরির সেই অভিযোগের মুখে পড়ে লাতিন অঞ্চলের বাছাইপর্ব থেকে মূল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের হয়ে মাঠে নেমেছিলেন এক কলম্বিয়ান ফুটবলার। এমনই গুরুতর অভিযোগ তুলেছিল চিলি। খেলোয়াড়ের জন্মস্থান ও বয়স চুরির সেই অভিযোগের মুখে পড়ে লাতিন অঞ্চলের বাছাইপর্ব থেকে মূল আসরের টিকিট নিশ্চিত করেও অনিশ্চয়তায় ছিল ইকুয়েডরের বিশ্বকাপে অংশগ্রহণ। তবে সব সংশয় দূর করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক বিবৃতি প্রকাশ করে ফিফা জানিয়ে দিয়েছে, চিলির অভিযোগের কোনও প্রমাণ পায়নি তারা। তাই লাতিন অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের সঙ্গে ইকুয়েডরই থাকছে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া দল হিসেবে। অর্থাৎ তাদের বিশ্বকাপ খেলতে আর কোনও বাধা নেই। সেইসঙ্গে চিলির কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার যে ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছিল, তা মাটিতে মিশে গেল।

   

বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচিও প্রকাশ হয়ে যাওয়ার পর গত মাসে চিলিয়ান ফুটবল ফেডারেশন দাবি করে, ইকুয়েডরের হয়ে বাছাইপর্বে আটটি ম্যাচ খেলা ডিফেন্ডার বাইরন ডেভিড ক্যাস্টিলো সেগুরা মূলত কলম্বিয়ান। যাঁর জন্ম হয়েছে ১৯৯৫ সালে, কলম্বিয়ার টুমাকোয়। তবে ইকুয়েডর তাদের কাগজপত্রে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসেই জন্মগ্রহণ করেছেন বাইরন। এটি নিয়েই সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে দুই পক্ষের সরবরাহকৃত সকল তথ্য-প্রমাণ পুনরায় পর্যালোচনা করে ইকুয়েডরের পক্ষেই রায় দিয়েছে ফিফা।

অবশ্য চিলি চাইলে আবারও আবেদন করতে পারবে এই বিষয়ে। সেই পথও খোলা রেখেছে ফিফা। আপাতত ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হল। আমরা সব সময় জানতাম, আমরা ঠিক ছিলাম।’ উল্লেখ্য, লাতিন অঞ্চলের বাছাইয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল ইকুয়েডর। বাইরনের খেলা ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। যদি চিলির অভিযোগ সত্য প্রমাণিত হতো, তাহলে এই ১৪ পয়েন্ট হারাত তারা। সেক্ষেত্রে ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্ট পেয়ে বিশ্বকাপ খেলার দরজা খুলতে পারত চিলির জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google