Rath Yatra: রথযাত্রায় ড্রোন ও সিসিটিভি নজরদারি, থাকছে চারটি ওয়াচ টাওয়ার

দিঘা: দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে এবারে প্রথমবার বেরোচ্ছে রথ। সেই উপলক্ষে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দিঘা: দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে এবারে প্রথমবার বেরোচ্ছে রথ। সেই উপলক্ষে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রথযাত্রা (Rath Yatra) ঘিরে লক্ষাধিক মানুষের ভিড়ের সম্ভাবনা রয়েছে। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি ভক্তেরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে প্রশাসন। সব দিক মাথায় রেখে দিঘা  শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

চার কোণায় ওয়াচ টাওয়ার, সিসিটিভি ও ড্রোন নজরদারি
নতুন মন্দিরের চার কোণে তৈরি করা হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার। গোটা মন্দির প্রাঙ্গণ ও রথের যাত্রাপথে নজরদারির জন্য বসানো হচ্ছে একাধিক CCTV ক্যামেরা। সেই সঙ্গে থাকছে আকাশপথে ড্রোন নজরদারি। রথের দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে একটি লম্বা দড়ি, যাতে প্রত্যেকে রথ টানার সুযোগ পান। ইতিমধ্যেই দু’বার রথ টেনে ট্রায়াল করা হয়েছে, রথ বাঁক নিতে সমস্যায় পড়ে কি না, তা যাচাই করে দেখা হয়েছে।

   

পরিবর্তন রুটে চলবে রথ
রথযাত্রার দিন মন্দিরের ৭ নম্বর গেটের পরিবর্তে দক্ষিণ দিকের গেট ব্যবহার করে রথ টানা হবে। রথ যাবে ১১৬বি জাতীয় সড়ক ধরে এক কিলোমিটার দূরের পুরনো মন্দির অর্থাৎ ‘মাসির বাড়ি’-তে। এই সিদ্ধান্ত জানিয়েছেন মন্দির ট্রাস্টি কমিটির সদস্য ও কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

যান নিয়ন্ত্রণ ও ব্যারিকেডিং
রথের দিন দিঘা শহরের মূল রাস্তা দিয়ে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সমস্ত গাড়ি নিউ দিঘার বাইপাস ব্যবহার করবে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত রাস্তার ফুটপাতে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হচ্ছে, যাতে জনসাধারণ নিয়ন্ত্রিতভাবে রথ দেখতে পারেন। ভিড় নিয়ন্ত্রণে একাধিক ড্রপ গেট রাখা হবে যাত্রাপথে।

বৃষ্টির জন্য ড্রেনেজ প্রস্তুতি ও মেডিক্যাল ক্যাম্প
ভারি বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে নতুন করে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হয়েছে এবং রাস্তায় জল জমলে তা দ্রুত নিষ্কাশনের জন্য থাকবে জল পাম্পিং সিস্টেম। রাস্তায় রাখা হচ্ছে পানীয় জলের স্টল ও মেডিক্যাল ক্যাম্প, যাতে জরুরি অবস্থায় সঙ্গে সঙ্গে চিকিৎসা মিলতে পারে।

পুলিশি নিরাপত্তা ও রাজ্যস্তরের নজরদারি
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও পুলিশ কর্মী ও আধিকারিক মোতায়েন করা হবে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, আইজি অনুপ জসওয়াল ও জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য মন্দির এলাকা এবং যাত্রাপথ ঘুরে দেখে গিয়েছেন।

জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, তার জন্য আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক বৈঠক হয়েছে। সমস্ত ব্যবস্থাই নজরদারির আওতায় থাকবে।”

দিঘার নতুন মন্দির থেকে রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠছে একটি রাজ্য পর্যায়ের পর্যটন উৎসব। ভক্তদের ধর্মীয় অনুভূতির পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। প্রথম রথযাত্রা স্মরণীয় করে তুলতে প্রস্তুতি পুরোমাত্রায় চালু রেখেছে রাজ্য প্রশাসন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google