বুথের ভিতরেই নয়, বাইরেও সিসিটিভি! কেন্দ্রীয় বাহিনীকে কড়া বার্তা কমিশনের

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার একেবারে কোমর বেঁধে নামল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। বুথ দখলের অভিযোগ বা অশান্তি এড়াতে এবার প্রতিটি বুথের ...

By Moumita Biswas

Published:

Follow Us
CCTV surveillance polling stations India

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার একেবারে কোমর বেঁধে নামল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। বুথ দখলের অভিযোগ বা অশান্তি এড়াতে এবার প্রতিটি বুথের ভিতরে এবং বাইরে সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানোর কড়া নির্দেশ দেওয়া হলো। আগে শুধুমাত্র ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকলেও, নজরদারি আরও নিশ্ছিদ্র করতেই এই নতুন পদক্ষেপ।

সোমবার রাজ্যের জেলাশাসক এবং কমিশনের কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।

   

কেন এই সিসিটিভির কড়াকড়ি?

কমিশনের স্পষ্ট ব্যাখ্যা, নির্বাচনের দিন বুথের ভিতরে বা বাইরে যেখানেই কোনো গন্ডগোল বা অশান্তির চেষ্টা হোক না কেন, তা সরাসরি ধরা পড়বে ক্যামেরায়। কেউ জোর করে বুথে ঢোকার বা ছাপ্পা ভোটের চেষ্টা করলেও রেহাই পাবে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি নজরদারির পাশাপাশি, বুথের বাইরে কড়া পাহারায় এবং পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো-অবজারভাররা।

কেন্দ্রীয় বাহিনীকে কড়া বার্তা CCTV surveillance polling stations India

শুধুমাত্র বুথে নজরদারিই নয়, সোমবারের বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জন্যও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডিউটি চলাকালীন বাহিনীর জওয়ানরা স্থানীয় স্তরে কারও কাছ থেকে কোনো রকম আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না। ডিউটিতে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আসছেন ২০০ জন জুডিশিয়াল অফিসার

আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিচারাধীন বিষয়গুলো সামলাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কমিশন। বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, আগামী ৬ মার্চ ঝাড়গ্রাম এবং ওড়িশা থেকে মোট ২০০ জন (একশো জন করে) জুডিশিয়াল অফিসার আসছেন। যে সমস্ত এলাকায় বিচারাধীন মামলার সংখ্যা বেশি, সেখানে আনুপাতিক হারে বেশি জুডিশিয়াল অফিসার মোতায়েন করা হবে।

বুথের বেহাল দশা নিয়ে অসন্তোষ

এদিনের বৈঠকে বুথের পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, বহু জায়গায় বুথের প্রাথমিক প্রস্তুতি এখনও পর্যন্ত সন্তোষজনক নয়। কোথাও পানীয় জলের অভাব রয়েছে, তো কোথাও নেই ন্যূনতম বিদ্যুৎ সংযোগ। অবিলম্বে এই সমস্ত ত্রুটি মেরামত করে বুথগুলিকে ভোটগ্রহণের উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google