নয়াদিল্লি: পয়লা জুলাই থেকে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় কার্যকর হতে চলেছে বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) [VB-G RAM G] আইন, ২০২৫। নতুন এই আইনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার।
দেশব্যাপী আইনটি চালুর আগের দিন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “কোনও যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনও কাজ ছাড়া না থাকেন, সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয় রেখে আইন কার্যকর করার জন্য সমস্ত প্রশাসনিক, আর্থিক এবং প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১০০ দিনের বদলে মিলবে ১২৫ দিনের কাজ
গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মতে, নতুন আইনের অন্যতম বড় পরিবর্তন হল প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের জন্য আইনগতভাবে নিশ্চিত মজুরিভিত্তিক কর্মসংস্থানের সীমা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে।
সরকারের দাবি, এই উদ্যোগের ফলে গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদি জনসম্পদ (Durable Rural Assets) তৈরির মাধ্যমে গ্রামাঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
উন্নত গ্রাম গড়ার লক্ষ্য
মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, প্রকল্পের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বাস্তবায়নের সমস্ত ব্যবস্থা প্রস্তুত। বর্তমানে চলমান প্রকল্পগুলিও কোনও বাধা ছাড়াই চালিয়ে যাওয়া হবে।
কেন্দ্রের মতে, VB-G RAM G আইন, ২০২৫ শুধু কর্মসংস্থান বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গ্রামীণ জীবিকা সুরক্ষা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দাবি, নতুন এই আইন কার্যকর হওয়ার ফলে দেশের কোটি কোটি গ্রামীণ পরিবার সরাসরি উপকৃত হবে এবং গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।





