কলকাতা: দীর্ঘ বিরতির পর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় ফের চালু হল রাতের বাস পরিষেবা। শুক্রবার রাত থেকেই ১০টি গুরুত্বপূর্ণ রুটে নাইট বাস পরিষেবা শুরু করেছে রাজ্যের পরিবহণ দফতর। মূলত রোগী, তাঁদের পরিজন, হাসপাতালের কর্মী, আইটি সেক্টরের কর্মী, হোটেল-রেস্তোরাঁ শিল্পে কর্মরত ব্যক্তি এবং রাতের যাত্রীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন পরিষেবা অনুযায়ী, নির্দিষ্ট রুটগুলিতে রাত ১০টা পর্যন্ত শেষ বাস ছাড়বে। এই বাসগুলি শহরের একাধিক বড় সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে বিভিন্ন আবাসিক এলাকা এবং কর্মসংস্থানের কেন্দ্রগুলিকে যুক্ত করবে।
নাইট বাস পরিষেবার আওতায় থাকবে মেডিক্যাল কলেজ হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, টাটা মেডিক্যাল সেন্টার, মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল, ফোর্টিস হাসপাতাল এবং পিয়ারলেস হাসপাতাল।
Also Read | পুলিশের পোশাক জাল করে যন্তরমন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে ভয়ঙ্কর তথ্য STF র
পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, শহরে রাতের গণপরিবহণের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। কলকাতাকে ২৪ ঘণ্টার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপযোগী শহর হিসেবে গড়ে তুলতে নিরাপদ, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য রাতের পরিবহণ অত্যন্ত জরুরি। তাঁর কথায়, এই পরিষেবা বিশেষভাবে উপকৃত করবে হাসপাতালের রোগী ও তাঁদের পরিজন, স্বাস্থ্যকর্মী, আইটি কর্মী, বার-রেস্তোরাঁয় কর্মরত ব্যক্তি এবং রাত ৯টার পর যাতায়াতে সমস্যায় পড়া হাজার হাজার মানুষকে।
প্রথম পর্যায়ে যাত্রীদের চাহিদা এবং পরিষেবার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। সেই অনুযায়ী ভবিষ্যতে আরও রুটে নাইট বাস চালু করা এবং সময়সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
Also Read | এসপ্ল্যানেড খালি করতে ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিস, কোথায় হচ্ছে পুনর্বাসন?
এই পরিষেবার আওতায় থাকা উল্লেখযোগ্য রুটগুলির মধ্যে রয়েছে E-32 (হাওড়া-ব্যারাকপুর), S-7 ও S-5 (হাওড়া-গড়িয়া), S-9A (ডানলপ-বালিগঞ্জ), T-16 (রাজাবাজার-মৌড়িগ্রাম), S-30 (উল্টোডাঙা-ইকো স্পেস), S-24 (হাওড়া-কামালগাজি) এবং AC-37 (বারাসত-গড়িয়া)। এছাড়া VS-2 এবং S-10A রুটে আগের মতোই রাতের পরিষেবা চালু থাকবে।
পরিবহণ দফতরের কর্মকর্তারা জানান, নতুন রুটগুলি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শহরের প্রধান স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলির পাশাপাশি সেক্টর ফাইভ ও নিউ টাউন-এর মতো গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের এলাকাও যুক্ত থাকে। পাশাপাশি হাওড়া স্টেশন থেকে একাধিক রুট ছাড়ায় গভীর রাতে ট্রেনে পৌঁছানো যাত্রীরাও সুবিধা পাবেন।
Also Read | ইসকনের মিড ডে মেনু: কোন দিন পাতে কী পড়বে? তালিকা দিল রাজ্য
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে শহরের নির্দিষ্ট এলাকায় সারারাত বাণিজ্যিক কার্যকলাপ চালুর উদ্যোগকেও এই নাইট বাস পরিষেবা সমর্থন করবে। পরিবহণ দফতর যাত্রীদের এই পরিষেবা ব্যবহারের আহ্বান জানিয়েছে এবং আগামী মাসগুলিতে যাত্রীসংখ্যা ও চাহিদা অনুযায়ী পরিষেবা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।





