রাজ্যে জনগণনার সূচনা মুখ্যমন্ত্রীর, ‘সেল্ফ এনিউমারেশন’ করে দিলেন সুরক্ষার আশ্বাস

কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ১৬তম জনগণনা বা জনশুমারির কাজ। এ বারে জনগণনার প্রক্রিয়ায় একটি বড় আধুনিক পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ…

কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ১৬তম জনগণনা বা জনশুমারির কাজ। এ বারে জনগণনার প্রক্রিয়ায় একটি বড় আধুনিক পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসে নিজেদের তথ্য নিজেরাই অনলাইনে নথিবদ্ধ করতে পারবেন। এই অভিনব পদ্ধতিকে ‘সেল্ফ এনিউমারেশন’ (Self-Enumeration) বা স্বগণনা বলা হচ্ছে। শনিবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলোয় বসে নিজে এই ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে জনগণনার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সম্পূর্ণ ডেটা সুরক্ষার আশ্বাস দিয়ে বলেছেন, কারো ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কোনো সুযোগ নেই।

মুখ্যমন্ত্রীর বার্তা ও ডিজিটাল জনগণনার বিশেষ দিক

স্বগণনার সূচনা করে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানান যে, সাধারণ মানুষের সংগৃহীত সমস্ত তথ্য শুধুমাত্র সরকারি জনকল্যাণমূলক পরিকল্পনা এবং উন্নয়নের স্বার্থেই ব্যবহার করা হবে। এর কোনো অপব্যবহার হবে না।

Advertisements

এ বারের জনগণনায় দুটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, প্রথমত, সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় জনগণনা সম্পন্ন হওয়া এবং দ্বিতীয়ত, সাধারণ মানুষের জন্য ‘স্বগণনা’ বা সেল্ফ এনিউমারেশনের সুযোগ থাকা। জনগণনার কাজে যুক্ত কর্মীদেরও সর্বতোভাবে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি।

স্বগণনা বা সেল্ফ এনিউমারেশনের সময়সীমা ও পোর্টাল

স্বগণনায় অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালটি হলো https://se.census.gov.in। এই অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে নাগরিকরা নিজেদের তথ্য দিতে পারবেন। আগামী ১৫ অগস্ট পর্যন্ত এই স্বগণনার প্রক্রিয়া চালু থাকবে। এর ঠিক পরের দিন অর্থাৎ ১৬ অগস্ট থেকে দ্বিতীয় দফায় শুরু হবে ‘ফিল্ড এনিউমারেশন’ (Field Enumeration), যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

কীভাবে করবেন ‘সেল্ফ এনিউমারেশন’? (ধাপসমূহ)

১. প্রথমে নির্দিষ্ট পোর্টালে (https://se.census.gov.in) গিয়ে লগ-ইন করতে হবে।
২. নিজের রাজ্যের নাম, পরিবারের কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি জমা দিতে হবে।
৩. পরবর্তী ধাপে পছন্দের ভাষা সিলেক্ট করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে।
৪. এরপর ধাপে ধাপে নিজের জেলা, পিন নম্বর, গ্রাম বা শহর তথা এলাকার নাম পূরণ করতে হবে।
৫. তথ্য পূরণের পর একটি মানচিত্র বা ম্যাপ আসবে, যেখানে নাগরিকরা নিজেদের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে পারবেন।
৬. এর পরে হাউস লিস্টিংয়ের (House Listing) প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৭. সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়া হয়েছে কি না, তা যাচাই করার জন্য একটি ‘প্রিভিউ স্ক্রিন’ বা পূর্বরূপ দেখা যাবে।
৮. সমস্ত তথ্য সঠিক থাকলে ‘ফাইনাল সাবমিট’ (Final Submit) করতে হবে।
৯. অনলাইন ফর্ম ফিলাপ সফল হওয়ার পর আবেদনকারীর কাছে একটি নির্দিষ্ট আইডি আসবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সেভ করে রাখতে হবে বা লিখে রাখতে হবে।

অগাস্টের শুরুতেই সস্তা হল LPG, কলকাতায় কত হল দাম?

তেল-গ্যাস খাতে বড় সিদ্ধান্ত! ২০৩০-৩১ অর্থবর্ষে বরাদ্দ হল ৮৪,০৮৪ কোটি টাকা