নয়াদিল্লি: শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা। নির্ধারিত থাকলেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হচ্ছে না। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বিশেষ বেঞ্চ এদিন না বসার কারণে স্থগিত হয়ে গেছে শুনানি। ফলস্বরূপ, পরবর্তী তারিখ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আদালত ও মামলার বর্তমান পরিস্থিতি
সর্বোচ্চ আদালতের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার নির্ধারিত বিশেষ বেঞ্চটি বসছে না। এর পরিবর্তে অন্য একটি নিয়মিত বেঞ্চ বসার কথা থাকায় এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী দিনে কবে এই বিষয়ে ফের বিচারপ্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টে পেশ করা রাজ্যের স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ-র একটি বড় অংশ ইতিমধ্যেই মেটানো হয়েছে। প্রায় সাড়ে সাত লক্ষাধিক কর্মী ও পেনশনভোগীকে ৭,৭৭১ কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বাকি অর্থ আগামী বছরগুলিতে কিস্তিতে মেটানোর কথা বলা হলেও, সম্পূর্ণ বকেয়ার ক্ষেত্রে কিছু ছাড় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। রাজকোষের উপর অতিরিক্ত চাপ ও আর্থিক ঘাটতির যুক্তি দিয়ে এই আবেদন জানানো হয়েছে। একদিকে বকেয়া মেটানোর প্রক্রিয়া নিয়ে নানা তথ্য সামনে আসছে, অন্যদিকে শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে যাওয়ায় কর্মচারীদের প্রতীক্ষার মেয়াদ আরও বাড়ল।
‘চিকেনস নেক’ থেকে ‘এলিফ্যান্টস ট্রাঙ্ক’! শিলিগুড়ি করিডরের সুরক্ষায় বদল আনল ভারত
‘ঘোর পাপ’ পেপার লিক! দোষীদের কঠোর সাজা দিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর




