কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর চরম অস্তিত্বের সংকটে তৃণমূল কংগ্রেস। দল ভাঙার হিড়িকের মাঝে এবার সরাসরি বিজেপিকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেছেন, দলের নেতা ও সাংসদদের নিশানা করছে বিজেপি। তাঁর কথায়, ‘‘আমাকে চুপ করাতে হলে তোমাদের আমাকে মারতে হবে। হ্যাঁ, সেই চেষ্টাও তোমরা কম করোনি!’’
এদিন নিজের বাসভবনে হামলার প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘‘কাকে তোমরা ছাড় দিয়েছ? মহুয়া, অভিষেক, কল্যাণ, সবার ওপর হামলা হয়েছে। আমার বাড়িতেও হামলা চালানো হয়েছে।’’ দলত্যাগীদের প্রতি কটাক্ষ করে তিনি জানান, যারা বিশ্বাসঘাতকতা করেনি, তাদের প্রতি তাঁর শুভকামনা রইল। তবে ভাঙন প্রসঙ্গে তিনি কার্যত কিছুটা রক্ষণাত্মকই ছিলেন।
‘ভোট লুঠ করে ক্ষমতায় এসেছে বিজেপি’
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। মমতা এদিন বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে বলেন, ‘‘এসআইআর (SIR) প্রক্রিয়া কারচুপি করে এবং ভোট লুঠ করে বিজেপি ক্ষমতায় এসেছে। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে গণনা কেন্দ্রগুলি দখল করা হয়েছিল। আমরা চেয়েছিলাম নতুন সরকার দায়িত্ব নিক, তবে সত্য একদিন সামনে আসবেই। আমাদের কাছে সব প্রমাণ আছে।’’
প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বড় অংশ তৃণমূল থেকে বেরিয়ে এসে বিধানসভায় বিরোধী দলনেতা পদের দাবি তোলে। লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারদের মতো সাংসদদের এনডিএ-র প্রতি সমর্থনের ঘোষণাও শাসকদলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। দুর্নীতি ও নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ তুলে একের পর এক নেতা দল ছাড়ছেন।
সাংসদদের বিজেপিতে যোগ
দলত্যাগের এই মিছিলে সর্বশেষ সংযোজন তিন রাজ্যসভার সাংসদ, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে তারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে, যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি তাদের আগামী ২৪ জুলাইয়ের রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে এই যোগদান ও প্রার্থিপদ ঘোষণা তৃণমূলকে আরও কোণঠাসা করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, একসময়ের শক্তিশালী তৃণমূল এখন তীব্র সংকটের মুখে।
১৬ বছর প্রতীক্ষার অবসান: মূল থানার দায়িত্বে দুই মহিলা ওসি, চেনেন তাঁদের?
টানা বৃষ্টিতে ভাসল কলকাতা, জলমগ্ন রাস্তায় নাকাল নিত্যযাত্রীরা! চরম যানজট শহরজুড়ে





