বিট্টু দত্ত, কলকাতা: দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিছু দৃশ্য চিরকাল অমলিন। তার মধ্যে অন্যতম ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জার্সি ওড়ানোর সেই বিখ্যাত মুহূর্ত। সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসা তাঁর বায়োপিকের প্রথম ঝলক সেই স্মৃতিকেই আবার নতুন করে ফিরিয়ে আনল। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, আগামী বছরের ১৪ মে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’।
প্রথম পোস্টারে দেখা গিয়েছে অভিনেতা রাজকুমার রাওকে। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁর হাতে ভারতীয় দলের জার্সি, মুখভঙ্গি ও ভঙ্গিমায় ধরা পড়েছে সেই ঐতিহাসিক উদযাপনের আবহ। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে অনুরাগীরা ছবির মুক্তির দিন গোনা শুরু করেছেন। সৌরভ নিজেও আবেগঘন বার্তায় জানিয়েছেন, এই ছবিকে তিনি জীবনের অন্যতম বড় উপহার বলে মনে করছেন। রাজকুমার রাও তাঁর বিখ্যাত কভার ড্রাইভের ছন্দ কতটা ফুটিয়ে তুলতে পারেন, তা দেখার জন্য তিনি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ভারতীয় ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়। ইংল্যান্ডের করা ৩২৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুটা দুর্দান্ত করলেও দ্রুত পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। সেই কঠিন পরিস্থিতি থেকে যুবরাজ সিং ও মহম্মদ কাইফের অসাধারণ জুটি দলকে অবিশ্বাস্য জয়ের পথে নিয়ে যায়। ট্রফি হাতে পাওয়ার পর সৌরভের জার্সি ওড়ানোর ঘটনা শুধু আনন্দ প্রকাশের মাধ্যম ছিল না, বরং সেটি ছিল আত্মবিশ্বাসী এক নতুন ভারতের প্রতীক। কয়েক মাস আগে ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ ভারতের মাটিতে জার্সি খুলে উল্লাস করেছিলেন; সৌরভ যেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তারই জবাব দিয়েছিলেন।
এই দৃশ্য পরবর্তীকালে সৌরভের ব্যক্তিত্ব ও নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। তাই বায়োপিকের প্রথম পোস্টারে সেই মুহূর্তকে স্থান দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
ছবিটির প্রযোজনা করছেন লাভ রঞ্জন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। শুটিং শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগেই। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতল্লাকে। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি ইডেন গার্ডেন্সেও চলছে ছবির শুটিং।
ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান শুধুমাত্র পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়; তিনি এক প্রজন্মকে লড়াই করতে শিখিয়েছেন এবং দলের মানসিকতায় এনেছেন আমূল পরিবর্তন। সেই উত্থান, সংগ্রাম ও গৌরবের গল্প বড় পর্দায় কীভাবে ধরা পড়ে, তা দেখার অপেক্ষায় এখন ক্রীড়াপ্রেমী থেকে সাধারণ দর্শক—সকলেই।





