সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার একে একে সকলকে টেক্কা দিয়ে ভারতসেরা হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। ২২ বছর পর জাতীয় লিগ জয়ের স্বাদ পেয়েছিল লাল হলুদ সমর্থকরা। সেবার অন্যান্য টুর্নামেন্ট গুলিতে ভালো ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য মেলেনি। কিন্তু শেষ পর্যন্ত অস্কার ব্রুজোর হাত ধরেই শাপ মুক্তি ঘটেছিল ময়দানের এই প্রধানের। সেই সুবাদেই এবার এই নয়া সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্টবেঙ্গল দল। তবে এক্ষেত্রে একাধিক বদল আসতে চলেছে দলের মধ্যে। আগেই জানা গিয়েছিল যে দলের দায়িত্বে ফিরবেন না আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজো।
স্বাভাবিকভাবেই নতুন কোচ কে হবেন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের নাম। সেটাই হলো শেষ পর্যন্ত। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটে আজ চূড়ান্ত হয়ে গেল এই কোচের নাম। যারফলে এবার লাল-হলুদের দায়িত্ব পালন করবেন এই সফল স্প্যানিশ কোচ। যেটা নিঃসন্দেহে বড় চমক। কিন্তু সেখানেই শেষ নয়। এবার এক দাপুটে গোলরক্ষককে দলে টানছে ইস্টবেঙ্গল ক্লাব। তিনি ফুর্বা লাচেনপা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
Also Read | ভেঙে গেল জুটি! ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ ইমামির
জানা গিয়েছে আগামী দুইটি মরসুমের জন্য এই ভারতীয় গোলরক্ষককে সই করাচ্ছে গতবারের আইএসএল জয়ীরা। গত ২০২০ সাল থেকেই রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসির হয়ে খেলে আসছিলেন এই ফুটবলার। তার দৌলতেই একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য পেয়েছিল মুম্বাই। এমনকি সময়ের সাথে সাথে কোচের বদল ঘটলেও বদলায়নি তাদের পছন্দ। লাচেনপাকে রেখেই নিজেদের একাদশ সাজিয়েছিল মুম্বাই শিবির। এমনকি গত মরসুমে ও তিন কাঠির অন্যতম ভরসাযোগ্য প্রহরী হিসেবে দেখা গিয়েছিল লাচেনপাকে। তবে এই চলতি বছরে মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল সেই ক্লাবের।
Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস
সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল একাধিক দল। শেষ পর্যন্ত বাজিমাত করল ইস্টবেঙ্গল। পাশাপাশি আইএসএল জয়ী গোলরক্ষক প্রভসুখান সিং গিলের সঙ্গে ও দুই বছরের চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। যারফলে আগের থেকে নিঃসন্দেহে অনেকটাই মজবুত হয়ে গেল লাল হলুদের তিন কাঠি।





