সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক সিজন ধরেই ইস্টবেঙ্গলের (East Bengal ) তিন কাঠি সামাল দিয়ে আসছেন প্রভসুখান সিং গিল। গত ২০২৩-২০২৪ সালে কেরালা ব্লাস্টার্স থেকে তাঁকে দলে টেনেছিল লাল-হলুদ ব্রিগেড। তারপর সময় যত এগিয়েছে ময়দানের এই প্রধানের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এই পাঞ্জাবী গোলরক্ষক। কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে গত ২০২৩-২০২৪ সালে কলিঙ্গের বুকে ওডিশা এফসিকে হারিয়ে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দল। পরবর্তীতে আন্তর্জাতিক ক্ষেত্রে দলের দাপট দেখানোর ক্ষেত্রে ও তিন কাঠির ভরসাযোগ্য প্রহরী হিসেবে দেখা গিয়েছিল প্রভসুখান সিং গিলকে।
এমনকি গত সিজনের শুরু থেকে ও দুরন্ত পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গলের। একের পর এক টুর্নামেন্টে দাপটের সাথে খেললেও খেতাব আসছিল না কিছুতেই। ঐতিহাসিক আইএফএ শিল্ডের পাশাপাশি সুপার কাপ ফাইনালে ও পরাজিত হতে হয়েছিল টাইব্রেকারে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ। সকলের পাখির চোখ ছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। সেখানেই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই গোলরক্ষকের। এমনকি হাইভোল্টেজ ডার্বি ম্যাচের শেষ মুহূর্তে জেমি ম্যাকলারেনের শট আটকে দিয়ে সকলের কাছে নায়ক হয়ে উঠেছিলেন গিল।
তারপর শেষ ম্যাচে এক গোল হজম করতে হলেও পরবর্তীতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেন প্রভসুখান। একটা সময় টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস জয়ের অন্যতম দাবিদার হিসেবে ও উঠে এসেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে দলের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নয়া সিজনে আদৌও তাঁকে দলে রাখা হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন আরও দুইটি সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি বৃদ্ধি করছে মশাল ব্রিগেড। যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৮ সাল পর্যন্ত কলকাতা ময়দানের এই প্রধানের জার্সিতেই খেলতে দেখা যেতে পারে এই তারকাকে।



















