তিরুঅনন্তপুরম: কেরলে শিগেলা (Shigella) সংক্রমণ ছড়িয়ে পড়ায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ওয়েনাড় জেলায় সংক্রমণের ঘটনা সামনে আসার পর উদ্বেগ বেড়েছে প্রশাসনের মধ্যে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরন স্থানীয় প্রশাসন এবং পুরসভাগুলিকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, অপরিষ্কার পরিবেশ এবং দূষিত খাবার বা পানীয় জল থেকেই এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই রাস্তার ধারের খাবারের দোকান, হোটেল ও জনবহুল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্য, “অনেক মানুষ প্রতিদিন স্ট্রিট ফুড খান। কিন্তু খাবার তৈরির সময় স্বাস্থ্যবিধি মানা অত্যন্ত জরুরি। নিরাপদ পানীয় জল এবং পরিষ্কার পরিবেশ ছাড়া এই ধরনের সংক্রমণ আটকানো সম্ভব নয়।”
জানা গিয়েছে, ওয়েনাড়ে ইতিমধ্যেই দুই স্কুল পড়ুয়ার শরীরে শিগেলা সংক্রমণ ধরা পড়েছে। এরপর থেকেই স্বাস্থ্য দফতর নজরদারি বাড়িয়েছে। পঞ্চায়েত ও পুরসভাগুলিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে।
কী এই শিগেলা সংক্রমণ?
শিগেলা হল এক ধরনের ব্যাকটেরিয়া, যা শরীরে প্রবেশ করলে ‘শিগেলোসিস’ নামে অন্ত্রের সংক্রমণ ঘটায়। মূলত দূষিত খাবার, দূষিত জল, অপরিষ্কার হাত বা সংক্রমিত পৃষ্ঠের মাধ্যমে এই রোগ ছড়ায়। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সংখ্যক ব্যাকটেরিয়াই সংক্রমণ ঘটানোর জন্য যথেষ্ট। সেই কারণেই স্কুল, হোস্টেল, পরিবার বা জনবহুল এলাকায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
শিগেলা সংক্রমণের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে ডায়রিয়া, জ্বর, পেট ব্যথা এবং ঘন ঘন পায়খানার চাপ। অনেক সময় মলের সঙ্গে রক্ত বা শ্লেষ্মাও দেখা যেতে পারে। রোগীর তীব্র অস্বস্তি এবং পেটের নীচের অংশে ব্যথা অনুভূত হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত হাত ধোওয়া, বিশুদ্ধ জল পান করা এবং অপরিষ্কার খাবার এড়িয়ে চলাই এই সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই রোগ দ্রুত জটিল আকার নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।




















