কলকাতা: ভোটের আবহে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার সকাল সকাল কলকাতার কালীঘাট এলাকায় প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের (Shantanu Sinha Biswas) বাড়িতে হানা দেয় ইডির দল, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি (Shantanu Sinha Biswas) পদে কর্মরত, ফলে এই অভিযান স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্রের খবর, এদিন ভোরের পরপরই ইডির একাধিক আধিকারিক শান্তনুর গোলপার্কের বাড়িতে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বাড়িতে ঢুকে শুরু হয় বিস্তারিত তল্লাশি। তদন্তকারীরা বাড়ির বিভিন্ন নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। দীর্ঘ সময় ধরে এই তল্লাশি অভিযান চলে। শুধু বাড়িতেই নয়, শান্তনুর বাড়ির পাশেই অবস্থিত একটি সরকারি ট্রেনিং সেন্টারেও অভিযান চালায় ইডি। তবে সেখানে গিয়ে দেখা যায়, সকাল থেকেই মূল ফটকে তালা ঝুলছে। এরপরই সেটি খোলার উদ্যোগ নেয় তদন্তকারী দল। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তালা খোলানোর প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল বাড়তে থাকে।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও একাধিকবার ইডির নজরে এসেছেন শান্তনু সিনহা বিশ্বাস। কয়লা পাচার মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। যদিও সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং হাইকোর্টে মামলা করেন। ফলে তদন্ত প্রক্রিয়া নিয়ে তখন থেকেই নানা জল্পনা তৈরি হয়েছিল।
এছাড়াও, মেডিক্যাল এনআরআই কোটায় ভর্তির দুর্নীতির অভিযোগেও তাঁর নাম উঠে আসে। সেই মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে জানা যায়। ফলে একাধিক মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ায় তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবার সরাসরি তাঁর বাড়িতে হানা দিয়ে ইডি কার্যত তদন্তকে নতুন মাত্রা দিল। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলা হঠাৎ করে এত সংখ্যক কেন্দ্রীয় আধিকারিক এবং নিরাপত্তারক্ষীর উপস্থিতি দেখে তারা প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্পষ্ট হলে এলাকায় ভিড় জমতে শুরু করে। অনেকেই এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন তুলতে শুরু করেন।



















