নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে এমন ছবি সচরাচর দেখা যায় না। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে যখন কার্যত আদায়-কাঁচকলায় সম্পর্ক, ঠিক তখনই সংসদ চত্বর সাক্ষী থাকল এক বিরল সৌজন্যের। গাড়ি থেকে নেমেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে আলাপচারিতায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক তিক্ততা ভুলে দেশের দুই শীর্ষ নেতার এই অভাবনীয় কথোপকথন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সমাজসংস্কারক মহাত্মা জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনের ‘প্রেরণা স্থল’-এ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন রাজনৈতিক নেতামন্ত্রীদের একাংশ। সেখানেই উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পরেই দু’জনের মধ্যে অত্যন্ত আন্তরিকভাবে কিছু কথা আদানপ্রদান হয়। শাসক ও বিরোধী দলের এই দুই চরম প্রতিপক্ষকে এত কাছ থেকে দাঁড়িয়ে কথা বলতে দেখে উপস্থিত সকলেই কিছুক্ষণের জন্য থমকে যান। কথা বলার সময় দুই নেতাকেই বেশ মনোযোগী দেখাচ্ছিল।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সহ বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে সকলেই সমাজের প্রান্তিক মানুষের উত্তরণে জ্যোতিরাও ফুলের অবদানের কথা স্মরণ করেন। তবে সব নজর কেড়ে নেয় মোদী ও রাহুলের ফ্রেম। সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের তরফেও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। নেটাগরিকদের মতে, দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতাকে এমন গুরুগম্ভীর অথচ সৌজন্যমূলক আলোচনায় দেখতে সত্যিই বেশ ভালো লাগে।




















