রবিবারের সন্ধ্যায় আইপিএলে (IPL 2026) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৫০ রান করে। উল্টোদিকে ২০৭ রানেই চেন্নাইয়ের রথ থেমে যায়। ম্যাচটি ৪৩ রানের ব্যবধানে জিতে যায় আরসিবি।
যেন স্বপ্নের ছন্দে রয়েছে বেঙ্গালুরু শিবির। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের আগ্রাসী মেজাজ আজও একবার চোখে পড়ল। ফিল সল্ট থেকে ট্রাভিস হেড প্রত্যেকের ব্যাট কথা বলেছে। বিশেষ করে ট্রাভিসের ২৫ বলে ৭০ রান ছিল অভাবনীয়। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৮টি ছক্কায়। প্রাক্তন অধিনায়ক কোহলিও ছিলেন আগ্রাসী মেজাজে। তবে তিনি ১৮ বলে ২৮ রান করে আউট হন। ওপেনার ফিল সল্ট ৩০ বলে ৪৬ করেন। অধিনায়ক দেবদত্ত পাডিক্কল ২৯ বলে অর্ধ-শতরান করেন। রজত পাতিদার করেন ১৯ বলে ৪৮ রান।
২৫১ রান টার্গেট। এত বড় রান তাড়া করতে নেমেও যেন কোনো কৌশল ছিল না চেন্নাই শিবিরে। বেঙ্গালুরুর বোলারদের সামনে চেন্নাইয়ের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। একমাত্র সরফরাজ খান (৫০) এবং প্রশান্ত বীর (৪৩), জেমি ওভারটন (৩৭) এর ইনিংস মান রক্ষক। আজও রান পাননি সঞ্জু।
চেন্নাই সুপার কিংসের বোলিংও ছিল অত্যন্ত দুর্বল। এদিন ১টি করে উইকেট নেন শিবম দুবে, আনশুল কম্বোজ, জেমি ওভারটন। তাও প্রচুর রান দিয়েছেন। বাকিরা পুরোপুরি ব্যর্থ। উল্টোদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স এর বোলাররা চেন্নাইয়ের ব্যাটারদের নাস্তানাবুদ করে ছেড়েছে। ২টি করে উইকেট নেন জ্যাকব ডাফি, ক্রুনাল পান্ডিয়া, অভিনন্দন সিং। ১টি উইকেট নেন সুয়াশ শর্মা এবং ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন ভূবনেশ্বর কুমার।




















