নদিয়া, ২২ মার্চ: কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) পশ্চিমবঙ্গের সব ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার। কমিশন জানিয়েছে যে বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে, রুট মার্চও হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলার প্রতিটি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছে। একইভাবে নবদ্বীপ থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
রবিবার নবদ্বীপ থানার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে শহরের সরকার পাড়া, মুখার্জি মার্কেট মনিপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। আগামী দিনেও একইভাবে শহর ও শহর সংলগ্ন ব্লক এলাকা গুলিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
পশ্চিমবঙ্গে ভোটের জন্য মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন। জওয়ান এবং কর্মী মিলিয়ে এক কোম্পানিতে ১০০ থেকে ১২০ জন করে সদস্য। অর্থাৎ, গোটা পশ্চিমবঙ্গের জন্য আনুমানিক ৫০ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে। কোথায় কত বাহিনী মোতায়েন থাকবে, চূড়ান্ত হয়ে গিয়েছে সেই তালিকা। মার্চের শুরুতেই ২৪০ কোম্পানি (অর্থাৎ ২৮০০০) বাহিনী চলে এসেছে রাজ্যে।
উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।




















