নয়াদিল্লি: বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আসতে চলেছে এক বিশাল জোয়ার। সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী, মোদী সরকার রাশিয়ার কাছ থেকে আরও পাঁচ স্কোয়াড্রন ‘এস-৪০০ সুদর্শন’ (S-400 Sudarshan) এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার প্রস্তুতি নিচ্ছে। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে অভাবনীয় সাফল্য পাওয়ার পরেই এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আরও বাড়ানোর দিকে দ্রুত এগোচ্ছে ভারত।
কেন ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ S-400 ‘সুদর্শন’?
গত বছর ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)-এর সময় এই এস-৪০০ সুদর্শন সিস্টেম তার অসামান্য শক্তির প্রমাণ দিয়েছিল। সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার (IAF) এই অতিরিক্ত পাঁচ স্কোয়াড্রন রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কেনার প্রস্তাবে খুব শীঘ্রই ছাড়পত্র দেবে প্রতিরক্ষা মন্ত্রক। এই নতুন সিস্টেমগুলি দেশের পূর্ব এবং পশ্চিম—উভয় সীমান্তেই কড়া পাহারায় মোতায়েন করা হবে।
পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে ‘গেম-চেঞ্জার’ হয়ে উঠেছিল এই সিস্টেম? India S-400 Sudarshan deal
বায়ুসেনার মতে, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের জন্য আক্ষরিক অর্থেই একটি ‘গেম-চেঞ্জার’। চার দিন ধরে চলা সংঘাতের সময়, এই অত্যাধুনিক সিস্টেম পাকিস্তানের আকাশসীমার ৩০০ কিলোমিটার গভীরে থাকা অন্তত ৫ থেকে ৬টি পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি গুপ্তচর বিমানকে (Spy plane) সফলভাবে গুলি করে নামিয়েছিল।
কেন আরও S-400 সিস্টেম কিনছে ভারত?
রিপোর্টে বলা হয়েছে, আকাশপথে যে কোনো রকম অনুপ্রবেশ বা হামলা রুখতে এবং প্রতিরক্ষা ক্ষমতাকে আরও দুর্ভেদ্য করতে বায়ুসেনা বিপুল সংখ্যক মিসাইল কেনার দিকে নজর দিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই রাশিয়ার সাথে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি টেন্ডারও জারি করা হতে পারে।
সম্প্রতি ভারতীয় বায়ুসেনা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এই সিস্টেমের দূরবর্তী আকাশপথে ধেয়ে আসা বিপদ শনাক্ত করার এবং তা ধ্বংস করার ক্ষমতা তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে কীভাবে মিসাইল সিস্টেম সক্রিয় হওয়ার আগেই রাডার স্বয়ংক্রিয়ভাবে একটি ধেয়ে আসা যুদ্ধবিমানকে লক করে নেয়।
পোখরানে ‘বায়ুশক্তি ২৬’
ভারতীয় বায়ুসেনা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসন্ন মহড়ার কথা উল্লেখ করে জানিয়েছে: “অব্যর্থ, দুর্ভেদ্য এবং নির্ভুল। আর মাত্র ১ দিন বাকি। ভারতীয় বায়ুসেনা পোখরানে #Vayushakti26-এর ফুল ড্রেস রিহার্সালের সময় সমস্ত অপারেশনাল প্যারামিটার সফলভাবে যাচাই করেছে এবং সমস্ত লক্ষ্যবস্তুকে কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।”



















