
নয়াদিল্লি: আসাদুদ্দিন ওয়াইসির সাম্প্রতিক বিস্ফোরক বক্তব্য দেশের রাজনৈতিক মহলে ঝড় তুলেছে (Owaisi Hafiz)। লোকসভায় বাজেট অধিবেশনের সময় এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের সাংসদ ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়ে বলেছেন, “হাফিজ সাঈদকে তুলে আনতে হবে! ‘অপারেশন ইনসাফ’ চালাতে হবে।”
তিনি আমেরিকার সাম্প্রতিক ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে গ্রেফতারের অভিযানের উদাহরণ টেনে বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় গিয়ে মাদুরোকে ধরে নিয়ে আসতে পারেন, তাহলে ভারত কেন পাকিস্তানে গিয়ে ২৬/১১-এর মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ, মাসুদ আজহার এবং জাকিউর রহমান লাখভিকে ধরে নিয়ে আসতে পারবে না?
ওয়াইসির এই মন্তব্য ১১ ফেব্রুয়ারি ২০২৬-এ লোকসভায় বাজেট আলোচনার মাঝে এসেছে, যখন হাউসে বিরোধীদের স্লোগান ও অচলাবস্থা চলছিল। তিনি বলেন, “এক্সিকিউটিভের কাছে আর্জি ‘অপারেশন ইনসাফ’ হওয়া উচিত। হাফিজ সাঈদ, মাসুদ আজহার এবং লাখভিকে ভারতে নিয়ে আসা উচিত।” এই নামগুলো ভারতের জন্য দীর্ঘদিনের ক্ষতের প্রতীক হাফিজ সাঈদ লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা, ২০০৮ সালের মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত, যাতে ১৬৬ জন নিহত হয়েছিল।
মাসুদ আজহার জৈশ-ই-মোহাম্মদের প্রধান, পুলওয়ামা হামলাসহ একাধিক আক্রমণের সঙ্গে যুক্ত। ওয়াইসি এই তুলনা করে বলেন যে, আমেরিকা যেভাবে মাদুরোকে ড্রাগ চার্জে গ্রেফতার করে নিয়ে গেছে, ভারতও একইভাবে সার্বভৌমত্ব রক্ষা করে এই সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে পারে।এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি ও অন্যান্য ক্ষমতাসীন দলের নেতারা এটাকে রাজনৈতিক স্টান্ট বলে উড়িয়ে দিয়েছেন।
তারা বলছেন, ওয়াইসি নিজে পাকিস্তান-সমর্থক হিসেবে পরিচিত, এখন হঠাৎ সন্ত্রাসবিরোধী ভঙ্গিতে কথা বলছেন এটা শুধু মোদী সরকারকে বিব্রত করার চেষ্টা। কেউ কেউ বলছেন, ভারত আমেরিকা নয়, পাকিস্তানের সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। অ্যাবোটাবাদের মতো অপারেশন সম্ভব হলেও, এখনকার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আবার কংগ্রেসসহ কিছু বিরোধী দলের নেতারা বলছেন, ওয়াইসির কথায় সত্যি আছে সরকারের উচিত জঙ্গিদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া, কিন্তু এভাবে সরাসরি সামরিক অভিযানের কথা বলা অবাস্তব।ওয়াইসির এই আহ্বানের পটভূমিতে রয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কের দীর্ঘ টানাপোড়েন। ভারত বারবার পাকিস্তানকে হাফিজ সাঈদ, মাসুদ আজহারদের হস্তান্তরের দাবি জানিয়েছে, কিন্তু পাকিস্তান তাদের জঙ্গি হিসেবে স্বীকার করতে চায় না।
এমনকি রাষ্ট্রসংঘের তালিকায় থাকা সত্ত্বেও পাকিস্তানে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়ান। ওয়াইসি বলেন, “যদি ট্রাম্প ভেনেজুয়েলায় গিয়ে মাদুরোকে ধরতে পারেন, তাহলে মোদীজি কেন পাকিস্তানে গিয়ে এদের ধরতে পারবেন না? এটা আমাদের ন্যায়বিচারের দাবি।” তিনি আরও যোগ করেন যে, ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং ২৬/১১-এর শিকারদের পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে এমন পদক্ষেপ জরুরি।













