শিয়ালদহ: যাত্রীদের জন্য সুখবর দিল পূর্ব রেল৷ শিয়ালদহ–রানাঘাট–গেদে (Sealdah-Gede) লাইনে আরও একাধিক লোকাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল৷ যাত্রীদের ভিড় কমানো এবং যাতায়াতকে আরও সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ ২০২৬ থেকে পরীক্ষামূলকভাবে নতুন ও বর্ধিত ইএমইউ স্পেশাল ট্রেন পরিষেবা শুরু করা হবে৷
জানা গিয়েছে, রানাঘাট লোকসভা কেন্দ্রের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আসে৷ এরপর পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন শিয়ালদহ–রানাঘাট–গেদে এবং গেদে–রানাঘাট–নৈহাটি–মাঝেরহাট শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়৷
রেলের তরফে জানানো হয়েছে, আগে চলা ৩১২২৭ আপ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি এখন থেকে গেদে পর্যন্ত বর্ধিত করা হয়েছে৷ নতুন নম্বর ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল লোকাল হিসেবে এটি চলবে৷ ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৯:২৮ মিনিটে ছাড়বে এবং ১২:০৭ মিনিটে গেদে পৌঁছাবে৷
অন্যদিকে ৩১২২৬ ডাউন ব্যারাকপুর–শিয়ালদহ লোকাল ট্রেনটি এখন থেকে ব্যারাকপুরের বদলে গেদে থেকে ছাড়বে৷ নতুন নম্বর ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল লোকাল হিসেবে এই ট্রেন চলবে৷ এই ট্রেন গেদে থেকে সকাল ৮:২৬ মিনিটে ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে৷
এছাড়া ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে৷ আগে এটি বিকেল ৪:৩০ মিনিটে ছাড়লেও এখন থেকে ৪:৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে৷ এই ট্রেনটি গেদে পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং নতুন নম্বর ৩১৯৩৩ আপ দেওয়া হয়েছে৷
রেলের পক্ষ থেকে আরও একটি নতুন সংযুক্ত ট্রেন পরিষেবার কথাও জানানো হয়েছে। ৩১৭৫০ ডাউন গেদে–রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি–মাঝেরহাট লোকাল—এই দুই ট্রেনকে একত্রিত করে ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল নামে একটি নতুন ট্রেন চালানো হবে। এই ট্রেন গেদে থেকে বিকেল ৪:১৫ মিনিটে ছাড়বে এবং মাঝেরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭:২৮ মিনিটে।
এছাড়াও আরও দুটি নতুন গেদে–রানাঘাট ডাউন লোকাল চালু করা হবে। একটি গেদে থেকে দুপুর ১টা নাগাদ ছাড়বে এবং রানাঘাট পৌঁছাবে ১:৫৫ মিনিটে। অন্যটি গেদে থেকে রাত ৮:২৫ মিনিটে ছাড়বে এবং রানাঘাট পৌঁছাবে ৯:২১ মিনিটে। রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত এই পরিষেবাগুলি পরীক্ষামূলক ভিত্তিতে চালানো হবে।




















