কলকাতা: গতকালই টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড কে হারিয়ে বিশ্বজয় করেছে ভারতীয় ক্রিকেট দল (Shalp Bridge clash)। এই নিয়ে টানা ৩ বার টি ২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। স্বভাবতই সারা দেশে উদযাপন হচ্ছে ভারতের এই জয়। ঠিক তেমনই বাংলাতেও জায়গায় জায়গায় ভারতের জয়ের উল্লাস দেখা গিয়েছে রাত থেকে। কিন্তু হাওড়ায় এই উল্লাসকে কেন্দ্র করেই সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গিয়েছে হাওড়ায় যা পুরো এলাকায় চাঞ্চল্য তৈরী করেছে।
অন্যান্য জায়গার মতই হাওড়ার শলপ ব্রিজেও চলছিল টিম ইন্ডিয়ার জয়ের সেলিব্রেশন। সেখানেই ভারতের জাতীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৈরী হয় উত্তেজনা। জানা গিয়েছে ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ও শলপ এলাকার বাসিন্দাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। কিছুক্ষনের মধ্যেই শুরু হয় হাতাহাতি এবং তারপর মারামারি।
আরও দেখুনঃ রক্তাক্ত পারস্য উপসাগর ! মার্কিন ড্রোনে ডুবল ৩ ট্যাংঙ্কার
জানা গিয়েছে শলপ এলাকার দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হয়। এছাড়াও আরো কয়েকজন ব্যাক্তি এই মারপিটে আহত হয় বলেই জানা যাচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা রাস্তায় নেমে পড়েন এবং কিছু সময়ের জন্য পথ অবরোধ করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে কয়েকটি জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা না কমায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় বলে সূত্রের খবর।
পুলিশের হস্তক্ষেপের পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়। গোটা ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, সামান্য বিষয় নিয়ে এমন বড় সংঘর্ষ হওয়া অত্যন্ত দুঃখজনক। ভারতের জয়ের আনন্দ যেখানে সবাইকে একসঙ্গে উদযাপন করার কথা, সেখানে এই ধরনের ঘটনা এলাকাবাসীর মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। বর্তমানে শলপ ব্রিজ ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুলিশ সতর্ক রয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




















